দক্ষিণ ভারতীয় সুপারস্টার কমল হাসানের জিভ কেটে নেওয়ার হুমকি দিলেন তামিলনাড়ুর মন্ত্রী কেটি রাজেন্দ্র বালাজি। মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে নিয়ে মন্তব্য করে রাজনীতিতে যোগ দেওয়া এই নায়ক আলোচনায় এলেন।
সম্প্রতি হাসান মন্তব্য করেন, স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী নাথুরাম গডসে হিন্দু ছিলেন। এর প্রেক্ষিতেই হুমকি দিয়েছেন বালাজি।
তিনি বলেন, “সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। না হিন্দু, না মুসলিম, না খ্রিষ্টান। কিন্তু কমল হাসান নাথুরামকে হিন্দু সন্ত্রাসবাদী বলেছেন। এমন মন্তব্যের জন্য তার জিভ কেটে নেওয়া উচিত।”
বালাজি আরও বলেন, “হাসান সমাজে বিষ ছড়াচ্ছেন। তার প্রত্যেক কথাতেই বিষ রয়েছে। শুধু তাই নয়, জনসভায় দাঁড়িয়ে উসকানিমূলক কথা বলে সমাজে দাঙ্গা বাধানোর চেষ্টা করছে হাসানের দল। নির্বাচন কমিশনের উচিত এখনই এই দলকে নিষিদ্ধ করা।”
রোববার এক জনসভায় হাসান বলেন, স্বাধীনতা পরবর্তী ভারতের প্রথম সন্ত্রাসবাদী একজন হিন্দু ছিলেন। সেই সন্ত্রাসবাদী হলেন গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসে।
পাশাপাশি বলেন, “সভায় অনেক মুসলিম আছেন বলেই এ কথা বললাম, এমনটা ভাবার কোনো কারণ নেই। গান্ধীজির মূর্তির সামনে দাঁড়িয়েই এ কথা বলছি।”
তার সেই মন্তব্যের পর ব্যাপক হইচই পড়ে যায় রাজ্য জুড়ে। বিজেপি’সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর রোষের মুখে পড়তে হয় কমল হাসানকে।
রাজ্য বিজেপির প্রধান তামিলিসাই সৌন্দরাজন বলেন, “সন্তুষ্টির রাজনীতি করছেন হাসান। এমন মন্তব্য করে ভয়ংকর আগুন জ্বালানোর চেষ্টা করছেন। এখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নির্বাচন কমিশনের।”
