রক্তাক্ত হাঁটু নিয়ে ব্যাট করলেন ওয়াটসন

আপডেট : ১৪ মে ২০১৯, ০৮:২৯ পিএম

হাঁটু থেকে রক্ত ঝরছে। এতটাই যে হলুদ জার্সির হাঁটুর অংশটায় পুরোটাই ভিজে উঠেছিল লাল রঙে। আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান শেন ওয়াটসন তবু ব্যাটিং করে গেছেন। ম্যাচের পর ক্ষত স্থানে দিতে হয়েছে ছয়টি সেলাই।

রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ফাইনালে ১ রানে হেরে যায় চেন্নাই। লক্ষ্য তাড়া করতে নামা চেন্নাইকে কক্ষ পথে রেখেছিল ওয়াটসনের ব্যাট। ৫৯ বলে ৮০ রানের ইনিংস খেলেন তিনি। শেষ ওভারে রানআউটে কাটা পড়েন ওয়াটসন। নইলে হয়তো ম্যাচটা নিজেদের করতে পারত চেন্নাই-ই।

রান আউট থেকে বাঁচতে রক্তাক্ত পায়ে ডাইভ দিয়ে প্রাণান্ত চেষ্টা করেছেন ওয়াটসন। যখন ফিরছিলেন তখনো রক্ত ঝরছিল তার পা থেকে।

ফিফটি তুলে নেওয়ার আগেই ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন ওয়াটসন। তারপরও শুশ্রূষা নেননি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে হরভজন সিংয়ের পোস্টে প্রথম সামনে আসে ওয়াটসনের এই বিষয়টি।

ওয়াটসনের রক্তাক্ত অবস্থায় ব্যাটিংয়ের ছবি পোস্ট করে হরভজন সিং লিখেছেন, ‘‘আপনারা কি ওর হাঁটুতে রক্ত দেখতে পাচ্ছেন? ম্যাচের পরে ছ’টা সেলাই পড়েছে। ডাইভ মারার ফলে পায়ের এই অবস্থা হয়। কিন্তু তা সত্ত্বেও কাউকে কিছু না বলে ব্যাট করে গেছে।’’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত