স্মিথ-ওয়ার্নারকে লেহম্যানের টিপস

আপডেট : ১৫ মে ২০১৯, ১২:২৭ এএম

ঘরের মাঠে ২০১৫ সালের বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। কোচ ছিলেন ড্যারেন লেহম্যান। বিজয়ে বড় ভূমিকা ছিল স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের। তিনজনই বল ট্যাম্পারিং বিতর্কে জড়িয়ে শাস্তি ভোগ করেছেন, দায়িত্ব ছেড়েছেন। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে স্মিথ ও ওয়ার্নার। তবে লেহম্যান দায়িত্ব ছাড়ার পর দূরেই আছেন দল থেকে। এক রেডিও সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘স্মিথ তিন কিংবা চারে নামবে। বিশ্বকাপে সে অন্যরকম হবে। ১২ মাস তারা মাঠের বাইরে থাকার কারণে লোকে হয়তো উদ্বিগ্ন। কিন্তু সম্প্রতি আইপিএলে তারা পারফর্ম করেছে। রানও পেয়েছে।’ ওয়ার্নার সম্পর্কে লেহম্যানের মন্তব্য, ‘ডেভিড একটা মেশিন। টপ অর্ডারে সে জ্বলে উঠতে প্রস্তুত। গত বিশ্বকাপে সে আমাদের জয়ের রাস্তা দেখিয়েছিল। অনেক ম্যাচ জিতিয়েছিল। এবারও যদি অ্যারন ফিঞ্চের সঙ্গে টপ অর্ডারে সেটা করে দেখাতে পারে তাহলে অস্ট্রেলিয়াকে থামানো কঠিন হবে।’ সদ্য সমাপ্ত আইপিএলে দারুণ ব্যাটিং করেছেন ওয়ার্নার। মাত্র ১২ ইনিংসে ৬৯২ রান করেন তিনি। নয়টি হাফসেঞ্চুরি প্লাস ইনিংস খেলেন তিনি। ওয়ার্নারের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া দলে ফিঞ্চের সঙ্গে ওপেন করে আসছিলেন উসমান খাজা। তারা সফলও হয়েছেন। কিন্তু লেহম্যান মনে করেন, ওপেনিং জটিতে ফিঞ্চ ও ওয়ার্নারই সেরা, ‘ফিঞ্চ-ওয়ার্নার ওপেনিং জুটি নিয়ে তর্ক হতে পারে। এরপর খাজা কিংবা শন মার্শ। তিন অথবা চারে স্টিভেন স্মিথ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত