সংগীতশিল্পী খালিদ হোসেন হাসপাতালে

আপডেট : ১৫ মে ২০১৯, ০৩:১৪ পিএম

একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীতশিল্পী, গবেষক খালিদ হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। দিন দশেক ধরে তিনি জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন।

খালিদ হোসেনের একজন ছাত্রের সূত্রে জানা যায়, এ শিল্পী অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখ ভুগছেন। পাশাপাশি ফুসফুস ও হৃদ্‌যন্ত্রের জটিলতা রয়েছে।

এর আগে গত বছরের শুরুর দিকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন খালিদ হোসেন। তখন থেকে প্রতি মাসে তাকে একটি বিশেষ ইনজেকশন দিতে হয়। এ কারণে ভর্তি হতে হয় হাসপাতালে। ইনজেকশন দেওয়ার দুদিন পরই তিনি বাসায় ফিরে যান। কিন্তু ইনজেকশন দেওয়ার পর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটায় তাকে সিসিইউতে রাখা হয়েছে।

খালিদ হোসেনের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ১০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন।

ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে খালিদ হোসেনের জন্ম ১৯৩৫ সালের ৪ ডিসেম্বর। দেশ বিভাগের পর বাবা-মায়ের সঙ্গে তিনি চলে আসেন কুষ্টিয়ার কোর্টপাড়ায়। ১৯৬৪ সাল থেকে স্থায়ীভাবে ঢাকায় আছেন।

পাঁচ দশক ধরে বাংলাদেশে নজরুলসংগীতের শিক্ষক, গবেষক ও শুদ্ধ স্বরলিপি প্রণয়নে কাজ করে যাচ্ছেন তিনি। তার ছয়টি নজরুল সংগীতের অ্যালবাম প্রকাশ হয়েছে। একটি আধুনিক গানের অ্যালবাম ও ১২টি ইসলামি গানের অ্যালবামও রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ও দেশের সব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এবং বাংলাদেশ টেক্সট বুক বোর্ডে সংগীত নিয়ে প্রশিক্ষক ও নিরীক্ষকের দায়িত্ব পালন করেছেন খালিদ হোসেন। এ ছাড়া নজরুল ইনস্টিটিউটে নজরুল সংগীতের আদি সুরভিত্তিক নজরুল স্বরলিপি প্রমাণীকরণ পরিষদের সদস্য তিনি।

খালিদ হোসেন একুশে পদক পেয়েছেন ২০০০ সালে। এ ছাড়া পেয়েছেন নজরুল একাডেমি পদক, শিল্পকলা একাডেমি পদক, কলকাতা থেকে চুরুলিয়া পদকসহ অসংখ্য সম্মাননা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত