ড্যানিয়েল ক্রেগ আহত, স্থগিত ‘জেমস বন্ড’

আপডেট : ১৫ মে ২০১৯, ০৪:১২ পিএম

ড্যানিয়েল ক্রেগ আহত হওয়ার কারণে স্থগিত হলো জেমস বন্ড সিরিজের নতুন সিনেমার দৃশ্যায়ন। ক্যারিবীয় সাগরের জ্যামাইকা দ্বীপে দৌড়ের দৃশ্য করতে গিয়ে গোড়ালিতে আঘাত পান ৫১ বছর বয়সী এ নায়ক।

দ্য সানের এক প্রতিবেদনে জানা যায়, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে উড়ে ফিরে গেছেন ক্রেগ। সেখানে তার পায়ে এক্স-রে করা হয়। আপাতত বিশ্রামে আছেন তিনি।

আরও বলা হয়, কোনো ধরনের স্ট্যান্টম্যান ছাড়াই অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সিদ্ধান্ত নেন এই অভিনেতা। তারই একপর্যায়ে ঘটলো এ অঘটন।

এটাই ছিল সিনেমাটির জ্যামাইকা অংশের শেষ দৃশ্য। সেখানে এমন বিপত্তি ঘটায় বেশ বিরক্ত হয়েছেন জনপ্রিয় নায়ক। হতাশায় গায়ের জ্যাকেট ছুড়ে মারেন মাটিতে।

২০০৫ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ সিনেমার মাধ্যমে বন্ড সিরিজে যুক্ত হন ড্যানিয়েল ক্রেগ। ওই সিনেমার দৃশ্যায়নের সময় তার দুটি দাঁত পড়ে যায়। এ ছাড়া ‘কোয়ান্টাম অব সোলাস’-এর সেটে কাঁধের পেশি পুড়ে যায়, আঘাত পান পাঁজরে।

এই নিয়ে পঞ্চমবারের মতো ব্রিটিশ সিক্রেট সার্ভিসের আইকনিক চরিত্রে অভিনয় করছেন ড্যানিয়েল ক্রেগ। সঙ্গে থাকছেন আনা ডে আরমাস, ডালি বেনসালা, বিলি ম্যাগনুসেন, লাশানা লিঞ্চসহ অনেকে। ভিলেন চরিত্রে আছেন এবার সেরা অভিনেতার অস্কার জেতা রামি মালিক।

জ্যামাইকা ছাড়াও শুটিং লোকেশন রয়েছে নরওয়ে, লন্ডন ও ইতালি।

এবারের সিনেমাটিকে আপাতত ‘বন্ড ২৫’ নামে ডাকা হচ্ছে। মুক্তি পাবে ২০২০ সালের ৮ এপ্রিল।

শুরুর দিকে ‘বন্ড ২৫’ নির্মাণের কথা ছিল ড্যানি বয়েলের। পরে প্রযোজকের সঙ্গে চিত্রনাট্য নিয়ে মতানৈক্যের সূত্রে ছবিটি ছেড়ে দেন। এ কারণ ২০১৮ সালের অক্টোবর থেকে পিছিয়ে মুক্তির তারিখ ফেলা হয় ২০২০ সালে।

বর্তমান পরিচালক ক্যারি জোজি ফুকুনাগা এর আগে বেশ কয়েকটি প্রশংসিত প্রজেক্টের সঙ্গে জড়িত ছিলেন। এর মধ্যে আছে এইবিও’র জনপ্রিয় সিরিজ ‘ট্রু ডিটেকটিভ’-এর প্রথম সিজন। আরও আছে নেটফ্লিক্স অরিজিনাল ম্যানিয়াক, সিনেমা সিন নমব্রি, জেন আয়ার ও বিস্টস অব নো নেশন।

ড্যানিয়েল ক্রেগ অভিনীত অন্য দুই বন্ড সিনেমার মধ্যে রয়েছে স্কাইফল ও স্পেক্টা। শেষ সিনেমাটির পর ২০১৫ সালে জানান, জেমস বন্ড সিনেমায় তাকে আর দেখা যাবে না। আরও বলেছিলেন, তার হাত কেটে ফেললেও সিদ্ধান্ত পরিবর্তন হবে না। কিন্তু ২০১৭ সালের আগস্টে মত পরিবর্তনের ঘোষণা দেন। সেই হিসেবে ‘বন্ড ২৫’ হতে যাচ্ছে এ সিরিজে তার শেষ সিনেমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত