সংগঠনের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক কাউকে কমিটিতে পদ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে তাদেরকে বাদ দিতে ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দুপুরে দেখা করতে গেলে গণভবনে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে এই নির্দেশ দেন তিনি।
কমিটি দেওয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খল পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ছাত্রলীগের একটি ঐতিহ্য আছে। ঐতিহ্য মেনে সবাইকে দায়িত্ব পালন করতে হবে’।
এ সময় প্রধানমন্ত্রী সংগঠনের সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু অনুসরণ করে কাউকে কমিটিতে পদ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে তাদেরকে বাদ দিতে নির্দেশ দেন।
উল্লেখ্য, ছাত্রলীগের ২৯ তম জাতীয় সম্মেলনের ১ বছর পর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় সংগঠনটির শীর্ষ দুই নেতা। এতে পদবঞ্চিতরা কমিটি পুনর্বিবেচনার জন্য বিক্ষোভ মিছিল করেন। সেখানে হামলা করেন পদপ্রাপ্তরা। এর প্রতিবাদে গত মঙ্গলবার মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করেন তারা।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
