রাসেলকে ৪৫ লাখ টাকা দিতে ৭ দিন সময় পেল গ্রিন লাইন

আপডেট : ১৬ মে ২০১৯, ০২:৩৫ এএম

গ্রিন লাইন পরিবহনের বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে (২৩) ক্ষতিপূরণের বাকি ৪৫ লাখ টাকা দিতে ২২ মে পর্যন্ত সময় দিয়েছে হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেয়। গত ১০ এপ্রিল আদালতে রাসেলের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দিয়েছিল গ্রিন লাইন কর্র্তৃপক্ষ। আদালত বাকি টাকা দিতে এক মাস সময় দেয়। গতকাল বিষয়টি শুনানির জন্য ওঠে। তবে রাসেলকে আর কোনো টাকা না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট।

পা হারানো রাসেলকে ক্ষতিপূরণ দিতে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ৩১ মার্চ গ্রিন লাইন পরিবহনকে ৫০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দেয়। এ আদেশের বিরুদ্ধে গ্রিন লাইন কর্র্তৃপক্ষ সর্বোচ্চ আদালতে গেলেও তাদের আবেদন টেকেনি।

গতকাল রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খন্দকার শামসুল হক রেজা ও উম্মে কুলসুম স্মৃতি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার। গ্রিন লাইনের পক্ষে ছিলেন আইনজীবী মো. অজিউল্লাহ।

গতকাল আইনজীবী অজিউল্লাহ হাইকোর্টের আদেশ বাস্তবায়নের জন্য আরও এক মাস সময় চেয়ে আবেদন করেন। আদালত বলে, ‘বাকি টাকা (৪৫ লাখ) এক মাসের মধ্যে দেওয়ার কথা ছিল। কিন্তু আপনারা খালি হাতে চলে এসেছেন, এটা কি হয়? আপনাদের ব্যবসা তো বন্ধ হয়নি। আমরা কি রিসিভার নিয়োগ দিয়ে দেব? আদেশ বাস্তবায়ন করে আসতেন। আদেশ যদি বাস্তবায়ন না করেন তবে কী করতে হয় তা আমরা জানি। এছাড়া চিকিৎসার খরচও দেবেন। আর আমরা আপনাদের সমস্যা দেখছি। সামনে উচ্চ আদালতের ভ্যাকেশন আছে। এর আগেই আদেশ বাস্তবায়ন করুন।’

গত বছর ২৮ এপ্রিল রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দোলাইরপাড় এলাকায় গ্রিন লাইন পরিবহনের বাস বেসরকারি প্রতিষ্ঠানের একটি প্রাইভেটকারকে চাপা দেয়। এ সময় প্রাইভেটকারচালক গাইবান্ধার পলাশবাড়ীর রাসেলের সঙ্গে কথা কাটাকাটির জেরে তার পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেয় চালক কবির মিয়া। পরে হাসপাতালে নেওয়ার পর রাসেলের বাম পা কেটে ফেলতে হয়; তার ডান পায়েও গুরুতর জখম হয়। একই দিন বাসচালককে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন রাসেলের বড় ভাই আরিফ। এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি হাইকোর্টে রিট আবেদন করেন। গত ১৪ জানুয়ারি বিচারিক আদালত থেকে জামিন পান চালক কবির।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত