স্বাস্থ্য পরীক্ষার জন্য থাইল্যান্ড গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান দেশ রূপান্তরকে জানান, গতকাল বুধবার বেলা ১১টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের
একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। মির্জা ফখরুলের সঙ্গে গেছেন তার স্ত্রী রাহাত আরা বেগম। বিমানবন্দরে তাদেরকে বিদায় জানান বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক ফিরোজ আহমদ।
মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী মো. ইউনুস দেশ রূপান্তরকে জানান, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন বিএনপি মহাসচিব। এর আগেও সেখানে চিকিৎসা নিয়েছেন তিনি।
মির্জা ফখরুলের হৃদরোগ ছাড়াও ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে জটিলতা রয়েছে। এর আগে কয়েক দফায় তিনি সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ২০১৮ সালেও ব্যাংককে চিকিৎসা নিয়েছেন মির্জা ফখরুল। গত ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের আগে থেকে নির্বাচনসংশ্লিষ্ট কাজে ব্যস্ততার কারণে নিয়মিত চেকআপের জন্য বাইরে যেতে পারেননি বিএনপি মহাসচিব।
