ড্যান্ডি ডায়িং মামলা

খালেদার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৪ নভেম্বর

আপডেট : ১৬ মে ২০১৯, ০৩:০২ এএম

ড্যান্ডি ডায়িংয়ের ৪৫ কোটি টাকা ঋণখেলাপি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তার পুত্রবধূ এবং দুই নাতনিসহ ১৪ জন বিবাদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকা প্রথম অর্থঋণ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই দিন ঠিক করেন। এর আগে ২০১৬ সালের ১৪ জুলাই

আদালতের জারি করা সমনের জবাব দাখিল করেন খালেদা জিয়া। সমনের জবাবে তিনি বলেন, সোনালী ব্যাংক থেকে ড্যান্ডি ডায়িং কোম্পানি যে ঋণ নিয়েছিল তা সুদে আসলে আদায় করা হয়েছে। তাছাড়া আরাফাত রহমান কোকো কোম্পানির নামেমাত্র পরিচালক ছিল। তিনি লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন না। এ মামলাটি সোনালী ব্যাংক হয়রানি করার উদ্দেশ্যে করেছে।

ওই বছরের ২২ মার্চ খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তাদের বাসস্থানের ঠিকানায় তলবের নোটিস পাঠানো হয়। এর আগে ১৬ মার্চ বিবাদীর তালিকায় মামলায় নতুন অন্তর্ভুক্ত করা হয় খালেদা জিয়াসহ চারজনকে। তারা হলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। কোকোর দাফনের পরপরই তারা সবাই দেশ ছেড়ে চলে যান।

মামলার অন্য বিবাদীরা হলেন প্রয়াত সাঈদ এস্কান্দারের ছেলে শামস এস্কান্দার ও সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, স্ত্রী বেগম নাসরিন আহমেদ, তারেক রহমান, গিয়াসউদ্দিন আল মামুন, মামুনের স্ত্রী শাহীনা ইয়াসমিন, কাজী গালিব আহমেদ, মিসেস শামসুন নাহার ও মাসুদ হাসান। মামলার ১০ নম্বর বিবাদী মোজাফ্ফর আহমেদ মারা যাওয়ায় তার স্ত্রী শামসুন্নাহার ও ছেলে মাসুদ হাসানকে এ মামলায় বিবাদীভুক্ত করা হয়।

২০১৩ সালের ২ অক্টোবর ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি করেন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপির অভিযোগে এ মামলাটি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, বিবাদীরা ড্যান্ডি ডায়িংয়ের পক্ষে ১৯৯৩ সালের ২৪ ফেব্রুয়ারি সোনালী ব্যাংকে ঋণের জন্য আবেদন করেন। ওই বছর ৯ মে সোনালী ব্যাংক বিবাদীদের আবেদনকৃত ঋণ মঞ্জুর করে। ২০০১ সালের ১৬ অক্টোবর বিবাদীদের আবেদনক্রমে ব্যাংকের পরিচালনা পর্ষদ সুদ মওকুফ করে। এরপর ঋণ পুনঃতফসিলিকরণও করা হয়। কিন্তু বিবাদীরা ঋণ প্রদান না করে বরাবর কালক্ষেপণ করতে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত