৯ বছরের শিশু ধর্ষণ, গণধোলাই দিয়ে ধর্ষককে পুলিশে সোপর্দ

আপডেট : ১৬ মে ২০১৯, ০৯:৪৪ পিএম

কুমিল্লার বুড়িচং উপজেলার মণিপুর এলাকায় এক ভ্যান চালকের ঘরে প্রবেশ করে তার নয় বছরের শিশু সন্তানকে ধর্ষণ করেছে কবির হোসেন (৩৭) নামে এক যুবক।

বৃহস্পতিবার  দুপুরে এ ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনার পর ধর্ষক কবিরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

স্থানীয় সূত্র জানায়, বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা মনিপুর আন্দিরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের বাড়িতে প্রায় ১০ বছর ধরে ভাড়ায় থাকেন রংপুরের এক ভ্যান চালক।

প্রতিদিনের মতো সকালে ভ্যান নিয়ে বেরিয়ে যান তিনি। বাড়িতে তার নয় বছরের কন্যা শিশুসহ আরও দুই শিশু ছিল। এই সুযোগে সকাল ১০টার দিকে পাশের বাড়ির মৃত মো. আবদুল আজিজের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী কবির হোসেন ভ্যান চালকের ঘরে প্রবেশ করে তার নয় বছরের শিশু সন্তানকে ধর্ষণ করে।

ধর্ষণ শেষে কবির হোসেন পালিয়ে গেলে শিশুটি ঘরের বাইরে এসে চিৎকার করে লোকজনকে বিষয়টি জানায়। ধর্ষণের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ধর্ষক কবির হোসেনকে খুঁজতে থাকে।

বেলা ২টার দিকে স্থানীয় লোকজন ধর্ষক কবিরের বাড়ির পাশ থেকে তাকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধর্ষক কবিরকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনার পর কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশুটির বাবা বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ওসি আনোয়ারুল হক বলেন, ধর্ষণের শিকার শিশুকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল সেন্টারে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ধর্ষক কবির হোসেনকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত