নিজের সিদ্ধান্ত নিজে নেবেন সাকিব

আপডেট : ১৭ মে ২০১৯, ০১:৪০ এএম

আয়ারল্যান্ডের বিপক্ষে বুধবারের ম্যাচে ব্যাটিংয়ের শেষটায় রিটায়ার্ড হার্ট হয়ে ফিরেছিলেন সাকিব আল হাসান। একদিনের পর্যবেক্ষণে ছিলেন। গতকাল বাংলাদেশ দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা না খেলার সিদ্ধান্ত সাকিবের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

‘গতকাল (বুধবার) আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় পিঠের বাঁ পাশের পেশির টানের চোটে পড়েছে সাকিব’Ñ গতকাল আয়ারল্যান্ডের ডাবলিন থেকে বাংলাদেশ দলের ফিজিও থিহান চন্দ্রমোহন আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছেন, ‘তার চিকিৎসা চলছে। শুক্রবারের ত্রিদেশীয় সিরিজে ফাইনালে খেলার ব্যাপারে সে সকালে সিদ্ধান্ত জানাবে।’

বাংলাদেশের ওয়ানডে সহঅধিনায়ক বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব দুর্দান্ত ফর্মে আছেন। তিন ম্যাচের প্রথম দুটিতে কম রান দিয়েছেন। উইকেট নিয়েছেন ১টি করে। তৃতীয় ম্যাচে রান খরচা বেশি হয়েছে। উইকেট পাননি। কিন্তু প্রথম ম্যাচে ৬১ রানে অপরাজিত থেকে জয় নিয়ে ফিরেছিলেন। পরেরটিতে ২৯ করেছিলেন। আর লিগ পর্বের শেষ ম্যাচে ৫১ বলে ৫০ করে পেশির ব্যথায় মাঠ ছেড়েছিলেন। যদিও আগেই ফাইনালে উঠে যাওয়া বাংলাদেশ এ ম্যাচেও আয়ারল্যান্ডকে সহজে হারিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত