শাদাবের বিশ্বাস পাকিস্তান ভালো করবে

আপডেট : ১৭ মে ২০১৯, ০১:৪১ এএম

সুস্থ হয়ে বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন শাদাব খান। হেপাটাইটিস ‘সি’তে আক্রান্ত এই লেগি পাকিস্তানের আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর মিস করছেন বলেই মনে হচ্ছিল। তবে এখন পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় সফরের শেষভাগে যোগ দিচ্ছেন দলের সঙ্গে। সুযোগ হলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডেতে খেলবেন। নয়তো বিশ্বকাপের জন্যই প্রস্তুত করবেন নিজেকে। দেশ ছাড়ার আগে শাদাব জানিয়ে গেলেন, ইংল্যান্ডের বিপক্ষে পেরে না উঠলেও বিশ্বকাপে ভালো করবে পাকিস্তান।

বিশ্বকাপে পাকিস্তানের স্পিন ডিপার্টমেন্টের প্রথম পছন্দ শাদাব। এ লেগ স্পিনারকে নিয়েই ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। সেটাও ইংল্যান্ডে। সেই ভেন্যুতে এবার বিশ্বকাপ হওয়ায় দলের নতুন সম্ভাবনা দেখছেন শাদাব। তার মতে, দ্বিপক্ষীয় সিরিজ ও বিশ্বকাপ সম্পূর্ণ আলাদা। পাকিস্তান বিশ্বমঞ্চে ভালো কিছু করতে পারবে বিশ্বাস তার। বিশ্বকাপে যেকোনো দলকে তারা হারাতে পারবে মনে করেন এ লেগ স্পিনার, ‘আমাদের শতভাগ স্কিল আছে বিশ্বকাপে ভালো করার। হয়তো আমরা এখন একটু জিততে পারছি না। অন্য দলগুলো অন্যরকম সমস্যা নিয়ে আছে। সবারই কিছু না কিছু ত্রুটি আছে। কিন্তু আমি বলব সব মিলিয়ে দল ভালো খেলছে।’

অবশ্য পাকিস্তানের বোলিং বিভাগ ভালো করতে পারছে না স্বীকার করলেন এই স্পিনার। বিশ্বকাপের আগেই বোলারদের ছন্দে ফেরার ব্যাপারে আশাবাদী শাদাব, ‘বোলাররা ভালো করছে না, তারা আসলে ছন্দে নেই। কিন্তু যখন তারা জ্বলে উঠবে, আমরা জিততে শুরু করব। যখন দলে চার মূল খেলোয়াড় নেই, তখন কঠিন হয়। কিন্তু একটি সিরিজ (দ্বিপক্ষীয়) ও বিশ্বকাপের মধ্যে অনেক পার্থক্য।’

মূল টুর্নামেন্টের আগে ব্যাটসম্যানদের পারফরম্যান্সে সন্তুষ্ট ৩৪ ওয়ানডেতে ৪৭ উইকেট নেওয়া এই স্পিনার, ‘আজকাল ক্রিকেট খুব গতিময় এবং ৩৫০ রানও যথেষ্ট নয়। হ্যাঁ, আমরা মধ্য ওভারের দিকে বোলিং নিয়ে ভুগছি। কিন্তু ব্যাটসম্যানরা যা পারফর্ম করছে তা ভালো লক্ষণ। ওরা এভাবে চালিয়ে গেলে বিশ্বকাপে আমরা অবশ্যই ভালো করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত