হত্যাকাণ্ডের ১০ দিনের মধ্যে সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে দাখিলের জন্য তদন্ত কর্মকর্তাদের (আইও) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতের এই আদেশের অনুলিপি স্বরাষ্ট্র ও স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি)) ও কারা মহাপরিদর্শককে পাঠাতে বলা হয়েছে। সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ দেশ রূপান্তরকে জানান, গত বছরের ১ অক্টোবর বাগেরহাটের মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটি গ্রামে শুকুর আলী শেখ নামে এক ব্যক্তি খুন হন। এ মামলায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ফকিরসহ ৩১ জনকে আসামি করা হয়। বিচারিক আদালতে শহিদুল ফকিরের জামিন নামঞ্জুর হলে গত সপ্তাহে হাইকোর্টে আবেদন করা হয়। শুনানিতে হাইকোর্ট দেখতে পায় যে মামলার নথিপত্রে হত্যার শিকার ব্যক্তির লাশের সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনের কোনো নথি নেই। এরপর হাইকোর্ট মামলার তদন্ত কর্মকর্তা ঠাকুর দাস মণ্ডলকে তলব করে।
তিনি আরও বলেন, ‘আজ (গতকাল) ওই তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেন। তিনি জানিয়েছেন, অন্য মামলায় ব্যস্ত থাকায় সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন সময়মতো দিতে পারেননি তিনি। এরপর হাইকোর্ট এ আদেশ দেয়।’
