ভারতের লোকসভা নির্বাচনে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণের দু’দিন আগে তল্লাশির সময় প্রায় ২৪ লাখ টাকাসহ ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-বিজেপির পাঁচ নেতা গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এলাকায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই নেত্রীও রয়েছেন। গ্রেপ্তার হওয়া চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- মিন্টু হালদার, কৌশিক মণ্ডল, সরস্বতী হালদার ও নমিতা সর্দার।
গ্রেপ্তারকৃত মিন্টু বারুইপুর মণ্ডল বিজেপির বারুইপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। তাদের কাছ থেকে ২৪ লাখ ১২ হাজার টাকা জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তল্লাশির সময় জয়নগরের বকুলতলা এলাকার বুড়োগাট থেকে সাদা রঙের একটি জাইলো গাড়িকে প্রথমে আটক করে পুলিশ। গাড়িটির তল্লাশি করতে চান তারা।
একপর্যায়ে জানতে পারেন গাড়িতে আরোহী ব্যক্তিরা বিজেপি নেতা-নেত্রী। এরপরই গাড়ির আরোহীদের সঙ্গে বচসা বাঁধে পুলিশের। শেষ পর্যন্ত তল্লাশি চালাতে দিতে বাধ্য হন ওই বিজেপি নেতারা।
জানা গেছে, তল্লাশির সময় গাড়ি থেকে ২০০০ টাকার নোটের সর্বমোট ২৪ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। বিজেপির উত্তরীয়তে মোড়া ছিল বিপুল পরিমাণ টাকা।
পুলিশ জানায়, নির্বাচনের আগে এত পরিমাণ টাকা কী জন্য নিয়ে যাচ্ছিলেন, সেই প্রশ্নের কোনো সদোত্তর দিতে পারেননি বিজেপি নেতারা। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পুলিশের ধারণা, নির্বাচনের আগে এলাকায় টাকা ছড়ানোর উদ্দেশ্যেই এত বিপুল পরিমাণ টাকা বারুইপুর নিয়ে যাওয়া হচ্ছিল।
এদিকে আসানসোল স্টেশন থেকে কোটি টাকাসহ গ্রেপ্তার হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের সাবেক সহকারীসহ এক ব্যক্তি।
