রজনীকান্তের এই দশটি সিনেমা অবশ্যই দেখবেন

আপডেট : ১৭ মে ২০১৯, ০৬:২৯ পিএম

সময় ও ভাগ্য একটা মুহূর্তে এসে আর হাত ধরাধরি করে চলে না। কিন্তু সেই কথা বোধহয় রজনীকান্তের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ৪০ বছরের ক্যারিয়ারে ১৬০টির মতো সিনেমা করেছেন, যার বেশির ভাগই সফল। এখনো অভিনয়ের জাদু দেখিয়ে যাচ্ছেন তিনি।

হিন্দিতে হাম, বেওয়াফায়ি, ডাকু হাসিনা, চালবাজ বা ফুল আউর আঙ্গারির মতো সিনেমা করলেও বেশির ভাগেই সঙ্গে ছিলেন বলিউডের নামী তারকারা। কিন্তু তামিল ইন্ডাস্ট্রিতে তিনি এখনো সমান সফল।

সর্বশেষ ডিসেম্বর ৬৫ বছরে পা দেওয়া এই অভিনেতার ‘মাস্ট ওয়াচ’ দশটির ছবির খবর জেনে নিন-

এক. অপূর্বা রাগাঙ্গাল (১৯৭৫): এই ছবিতে আরও ছিলেন সুপারস্টার কমল হাসান। আর এখানে অভিষেক হয় রজনীর, খলনায়কের ভূমিকায়। ছবিটি পরিচালনা করেন অভিনেতার গুরু কে বালাচন্দর।

দুই. মুনড্রু মুদিচু (১৯৭৬): বালাচন্দরের কমেডি এই সিনেমায় কমল হাসানও অভিনয় করেন। সঙ্গে ছিলেন শ্রীদেবী। পরে ‘মুছসে সাদি করোগি’ শিরোনামে বলিউডে রিমেক করেন ডেভিড ধাওয়ান। রজনীকান্তের চরিত্রে ছিলেন অক্ষয় কুমার।

তিন. কাজুঘু (১৯৮১): ১৯৮০ এর দশকে রজনীকান্তের অন্যতম বড় হিট সিনেমা এটি। ক্রাইম ড্রামাটিতে ছিল অদ্ভুত সব চমক ও মোচড়। এখানে স্টাইলিশ অবতারে হাজির হন রজনী।

চার. থিল্লু মুল্লু (১৯৮১): অ্যাকশন ইমেজ মুছে একদম কমেডি চরিত্রে নিজেকে উপস্থাপন করেন রজনীকান্ত। হৃষিকেশ মুখার্জির ‘গোলমাল’-এর রিমেকে অমল পালেকরের চরিত্রে ছিলেন এই নায়ক।

পাঁচ. পক্কির রাজা (১৯৮২): শ্রীদেবীর সঙ্গে দ্বৈত চরিত্রে অভিনয় করেন রজনীকান্ত। ছবির সবচেয়ে মজার দৃশ্য হলো- যখন জেলখানায় নিজের যমজের সঙ্গে দেখা হয়।

ছয়. মন্দ্রু মোঘাম (১৯৮২): অরুণ, জনি ও অ্যালেক্স নামে তিন চরিত্রে অভিনয় করে চমক দেখান রজনী। এই ছবির হিন্দি ‘জনি জনি জনার্দন’-এও অভিনয় করেন তিনি। তবে বলিউড সংস্করণটি ততটা সাড়া পায়নি।

সাত. চন্দ্রমুখী (২০০৫): পি বাসু পরিচালিত কমেডি-হরর সিনেমাটি অনেকগুলো বৈশ্বিক রেকর্ড করে। বিশেষ করে জাপানে রজনীকান্তের বড়সড় ভক্তশ্রেণী তৈরি করে দেয়। ছবিটি হিন্দিতে ‘ভুল ভুলাইয়া’ নামে নির্মিত হয়। অক্ষয় অভিনীত সিনেমাটি ভালো ব্যবসা করলেও মূলের ধারে-কাছেও নেই।

আট. মুথু (১৯৯৫): ছবিতে দ্বৈত চরিত্র রজনীকান্তের। একজন জমিদার ও তার ছেলের। ছবিটি ভারত ও জাপানে দারুণ সাড়া পায়।

নয়. শিবাজি (২০০৭): রজনীকান্তের খুবই প্রভাব তৈরি করা সিনেমা। সেখানে প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার চরিত্রে অভিনয় করেন তিনি। অনেকটা দেশের ত্রাণকর্তার অবতারে হাজির হন।

দশ. এন্থিরান (২০১০): একসঙ্গে বিজ্ঞানী ও রোবট চরিত্রে অভিনয় করেন তিনি। এখানে তাকে এমনভাবে দেখা যায়, যা আগে কখনো ভাবা হয়নি। সম্প্রতিটি ছবিটির সিক্যুয়েলও হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত