সাটুরিয়ায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় যুবক গ্রেপ্তার

আপডেট : ১৭ মে ২০১৯, ০৮:৫৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে তা ফেসবুকে প্রচার করার অভিযোগে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম আনোয়ার হোসেন (৪২)। সে সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের উত্তর কাওন্নারা গ্রামের বুদ্ধু মিয়ার ছেলে। সে পেশায় একজন ড্রাইভার।

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শুক্রবার দুপুর ৩ টার দিকে উপজেলা শ্রমিক লীগের সদস্যসচিব মাসুদ খান জুম্মা সাটুরিয়া থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান মিঞা নিশ্চিত করে বলেন, সে দীর্ঘ দিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে তা ফেসবুকে প্রচার করে আসছিল। এমন অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে তার গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

সাটুরিয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম (পিপিএম) বলেন, শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নয়, সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবিও বিকৃত করে আসছিল। গ্রেপ্তারের পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ও তার ফেসবুক ওয়াল দেখে অভিযোগ সম্পর্কে নিশ্চিত হয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত