প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র জীবন থেকে পাওয়ার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হলো। শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সেমিনার হলে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।
সাইদুর রহমান সজল এর রচনা ও পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন চিত্রনায়ক সাইমন সাদিক ও জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রিমিয়ার অনুষ্ঠানটিতে পরিচালক সজল বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশরত্ন শেখ হাসিনার প্রজ্ঞা আর নিরলস কর্মে অগ্রসরমাণ বাংলার নানান প্রাসঙ্গিকতার চিত্ররূপ হচ্ছে - জীবন থেকে পাওয়া। প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আমার এই উপহার।‘
চিত্র নায়িকা মাহিয়া মাহি বলেন, ‘ভালো একটি গল্পে অভিনয় করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আশা করছি জীবন থেকে পাওয়া আন্তর্জাতিক মহলেও সমাদৃত হবে।’
