বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জয় দলকে আত্মবিশ্বাস জুগাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বিশ্বকাপে চ্যালেঞ্জটা ভিন্ন হবে, এ কথা মনে করিয়ে দিলেন মাশরাফী নিজেও। তবে বড় লক্ষ্য তাড়ায় টাইগাররা যে এখন আত্মবিশ্বাসী সে কথাই পুরস্কার বিতরণী মঞ্চে জানালেন টাইগার অধিনায়ক।
শুক্রবার ওয়েস্ট ইন্ডিজকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজের বাইরে এই প্রথম কোনো ট্রফি জয় করল বাংলাদেশ। সিরিজে নিজেদের সবগুলো ম্যাচই জিতেছে টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে একটিতে জয়, অন্যটি ভেসে জায় বৃষ্টিতে। আর ফাইনালসহ ওয়েস্ট ইন্ডিজকে হারাল মোট তিনবার।
এদিন অবশ্য কাজটা মোটেও সহজ ছিল না বাংলাদেশর জন্য। ২৪ ওভারে ২১০ রানের লক্ষ্য ছিল টাইগারদের সামনে। আগে ব্যাট করে ২৪ ওভারে ১ উইকেটে ১৫২ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। মূলত দলটি ২০.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৩১ রান সংগ্রহ করার পর বৃষ্টি নামে। পরে ম্যাচ নেমে আসে ২৪ ওভারে।
উইন্ডিজ সেখানে ১ উইকেটে ১৫২ রান করলেও বৃষ্টি আইনে ২১০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। যা ৫ উইকেট আর ৭ বল হাতে রেখে পেরিয়ে গেছে মাশরাফীর দল।
বলতে গেলে জয়টা ছিল দাপুটে। ম্যাচ শেষে মাশরাফী যার কৃতিত্ব দিলেন ব্যাটসম্যানদের। বললেন, ‘‘সৌম্য এবং তামিম দারুণ শুরু করেছিলেন। তারাই জয়ের ভিত দিয়ে গেছেন। মুশফিক মিডল অর্ডারে দারুণ ব্যাট করেছে। মোসাদ্দেক এবং রিয়াদ (মাহমুদউল্লাহ) শেষটা দারুণভাবে করেছে।’’
বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য এই সিরিজ ছিল প্রস্তুতির সিরিজ। সেটা শতভাগ সফলই বলতে হবে। মাশরাফী বললেন বিশ্বকাপে বড় লক্ষ্য তাড়ায় আত্মবিশ্বাস জুগাবে এদিনের ফাইনাল।
টাইগার অধিনায়কের কণ্ঠে, ‘‘আমি আশাবাদী। বিশ্বকাপ অবশ্যই অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। অনেক বেশি ফ্ল্যাট উইকেট থাকবে। বোলারদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে এটা (ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ) আমাদের বড় লক্ষ্য তাড়া করতে আত্মবিশ্বাস দেবে।’’
