‘দা ভিঞ্চি কোড’ উপন্যাসটি যারা পড়েছেন বা সিনেমা দেখেছেন, তাদের অনেকেই প্যারিসের লা লুভর পিরামিডকে রহস্যময় স্থাপনা হিসেবে ভাবেন। বিখ্যাত এই স্থাপনাটির স্থপতি আই এম পেই গত বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ১০২ বছর। পেইয়ের ছেলের স্থাপত্যবিষয়ক প্রতিষ্ঠান মৃত্যুর বিষয়টি জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, স্থাপত্যের ক্ষেত্রে আধুনিকতার সঙ্গে ইতিহাসের এক অনবদ্য মিলন ঘটাতে সফল হয়েছিলেন এই কিংবদন্তি। ২০০৮ সালে দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পেই বলেন, ‘আমি জানি, সময় বদলেছে। মানুষের মধ্যেও অনেক পরিবর্তন এসেছে। কিন্তু আমি শুরুর দিনটা ভুলে যেতে চাই না। কোনো স্থাপত্যকে দীর্ঘজীবন দিতে হলে তার শিকড় শক্ত হওয়া প্রয়োজন।’
নিজ কাজের ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ১৯৮৩ সালে স্থাপত্যের নোবেল-খ্যাত প্রিজকার প্রাইজ পান পেই। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে করা প্রায় ৫০টি ডিজাইনের অর্ধেক পেয়েছে পুরস্কার। ১৯১৭ সালে চীনে জন্মগ্রহণ করেন আই এম পেই। ১৭ বছর বয়সে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করতে যুক্তরাষ্ট্রে আসেন। ১৯৪০ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ¯œাতক ডিগ্রি লাভ করেন তিনি।
