সেবা সংস্থারও দুই ভাগ চান মেয়র সাঈদ খোকন

আপডেট : ১৮ মে ২০১৯, ০৪:২৪ এএম

নাগরিক সেবা বাড়ানোর লক্ষ্যে ঢাকাকে যেভাবে দুই সিটিতে ভাগ করা হয়েছে ঠিক সেভাবেই সেবা সংস্থাগুলোকে দুই ভাগে ভাগ করা দরকার বলে মনে করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে সাঈদ খোকনের মেয়র হিসেবে চার বছর পূর্তি উপলক্ষে ‘চার বছরে ফিরে দেখা’ শীর্ষক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন প্রস্তাব করেন তিনি।

মেয়র বলেন, সিটি করপোরেশনের মতো অন্য সেবা সংস্থাগুলোকে উত্তর-দক্ষিণে বিভক্ত করা হলে সেবার মান বৃদ্ধি পাবে। সিটি করপোরেশন বিভক্তে প্রধানমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্ত ছিল। এর ইতিবাচক ফল এই শহরের মানুষ ভোগ করছে। সুতরাং অন্য সেবামূলক সংস্থাগুলোকে যদি উত্তর ও দক্ষিণে ভাগ করা হয়, আমার ধারণা সেবার মান বৃদ্ধি পাবে এবং নাগরিকদের সেবা আগের তুলনায় বেশি করে তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।

তিনি বলেন, নাগরিক সেবা প্রদান এবং নগরের উন্নয়নে বিভিন্ন সংস্থার মধ্যে থাকা সমন্বয়হীনতা এখনো অনেক বড় মাপের প্রতিবন্ধকতা। নগর ব্যবস্থাপনার ক্ষেত্রে এই প্রতিবন্ধকতা দূর করতে পারলে নাগরিক সেবা নিশ্চিত করা যাবে।

সাঈদ খোকন বলেন, মেয়র হিসেবে আমার মূল্যায়ন নগরবাসী করবেন। তবে এতদিনে নগরে একটি দৃশ্যমান পরিবর্তন আনতে পেরেছি আমরা। আমি কতটুকু সফল বা ব্যর্থতা তারাই বলবেন। আমি শুধু এটুকু বলতে পারি যে কোথাও কোথাও অনেক সফলতা পেয়েছি আবার কোথাও কোথাও সাময়িকভাবে সফলতা আসেনি। তবে তার জন্য হাত গুটিয়ে বসে থাকিনি, থাকব না। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি।

সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, এয়ার কমোডর মো. জাহিদ হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল (ডা.) মো. শরীফ আহমেদ, সচিব মোস্তফা কামাল মজুমদার, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদসহ ডিএসসিসির অন্যান্য কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত