কিশোরগঞ্জের মিঠামইনে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া খায়রুল ইসলাম (২৭) নামে মাদক মামলার এক আসামি কথিত বন্দুকযুদ্ধে আহত হয়েছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে ঘাগড়া-শেখেরহাটি কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ খায়রুলকে এর আগে একই দিন রাত ১০টার দিকে ঘাগড়া এলাকা থেকে ইয়াবাসহ আটকের পর সহযোগীরা তাকে ছিনিয়ে নেয় বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় পুলিশের এক এসআইসহ চার সদস্য আহত হওয়ার কথাও জানিয়েছেন মিঠামইন থানার ওসি। খায়রুল ঘাগড়া-শেখেরহাটি গ্রামের প্রয়াত খুনু মিয়ার ছেলে।
মিঠামইন থানার ওসি জাকির রাব্বানী দেশ রূপান্তরকে জানান, রাত ১০টার দিকে ঘাগড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী খায়রুলকে ১০০ ইয়াবাসহ আটক করা হয়। এ সময় খায়রুলের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। তখন খায়রুল এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায়। পরে রাত সাড়ে ৩টার দিকে অতিরিক্ত পুলিশ গিয়ে পাশের সাবাসপুর হাওর থেকে তাকে আবারও আটক করে। এরপর থানায় নিয়ে আসার পথে ঘাগড়া-শেখেরহাটি কবরস্থানের পাশে খায়রুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে খায়রুলের সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় খায়রুলের পায়ে গুলি লাগে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জাকির রাব্বানী আরও জানান, এই ‘বন্দুকযুদ্ধে’ এসআই নাজমুল ইসলাম, এসআই নূরু মোল্লা এবং দুই কনস্টেবল আহত হয়েছেন।
