চোট পেয়ে হাসপাতালে পাক ওপেনার ইমাম

আপডেট : ১৮ মে ২০১৯, ০২:০৪ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে প্রতিপক্ষ বোলারের বলে কনুইয়ে আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছে পাকিস্তান ওপেনার ইমাম-উল-হককে। তবে বড় ধরনের কোনো সমস্যা হয়নি তার। বিশ্বকাপে খেলা নিয়েও নেই কোনো অনিশ্চয়তা।

নটিংহ্যামে শুক্রবার ম্যাচের চতুর্থ ওভারে ঘটে এই ঘটনা। ইংলিশ পেসার মার্ক উডের ১৪৩ কিলোমিটার গতির শর্ট বল পুল করতে গিয়ে মিস করায় সরাসরি গিয়ে লাগে ইমামের বাঁ কনুইয়ে। যন্ত্রণায় মাটিতে পড়ে যান পাক ওপেনার। প্রাথমিকভাবে মাঠেই কিছুক্ষণ চিকিৎসা চলে তাঁর। কিন্তু উপশম না হওয়ায় দলের ফিজিওর সহায়তায় মাঠ ছাড়তে হয় তাঁকে। তখন পাকিস্তানের রান ছিল বিনা উইকেটে ৯।

পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাঁহাতি এই ওপেনার ইমামকে। করা হয় এক্স-রে। তার পরিস্থিতি নিয়ে পাকিস্তান দলের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ইমামের বাঁহাতের কনুইয়ের হারে কোনো চিড় ধরা পড়েনি। তবে আঘাত পাওয়ার জায়গাটা ফুলে আছে।

সিরিজের তৃতীয় ম্যাচেই অসাধারণ করেছিলেন ইমাম। ব্রিস্টলে অনুষ্ঠিত ওই ম্যাচে ১৫১ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের ভাতিজা।

ম্যাচটিতে টস হেরে প্রথমে ব্যাটিং করে বাবর আজমের সেঞ্চুরি, ফখর জামান ও মোহাম্মদ হাফিজের অর্ধশতকে ৭ উইকেটে ৩৪০ রানের সংগ্রহ পায় পাকিস্তান। এই সংগ্রহও জয়ের জন্য যথেষ্ট ছিল না দলটির। তিন বল হাতে রেখেই ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জেসন রয় (১১৪) ও বেন স্টোকস (৭১*)। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংলিশরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত