সম্প্রতি শাহরুখ খান জানালেন, পরবর্তী ছবি নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। ‘রাইস’ ছাড়া পরপর বেশ কয়েকটি সিনেমা একদমই ভালো চলেনি, তাই এই সিদ্ধান্ত বাধ্য হলেন বলিউড সুপারস্টার।
কিং খান কোন ছবি নিয়ে ফিরবেন জানা যাচ্ছে না আপাতত। কিন্তু পরবর্তী সিনেমায় কী কী থাকছে না তার একটা তালিকা তৈরি করা যায় সহজেই। তার মধ্যে সাতটি জেনে নিন-
আনুশকা শর্মা: হোয়েন হ্যারি মেট সেজাল ও জিরো- পরপর দুটি ফ্লপ। এরপরও কি আনুশকা শর্মাকে আশা করা যায় শাহরুখের বিপরীতে? যদি করেন, বেশি বেশি হয়ে গেল না!
আনন্দ এল রাই: শাহরুখকে চাঁদে পৌঁছে দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন আনন্দ এল রাই। ‘জিরো’তে পেরেছেন বটে। কিন্তু আরও একটি সিনেমা ব্যর্থ হলো নায়কের। আনন্দ কি শাহরুখকে এলটন জন ভেবেছিলেন- বানাতে গেলেন ‘রকেটম্যান’?
মহাশূন্য অভিযান: ‘জিরো’র মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা সুখকর হয়নি শাহরুখের। তাই একই ঝুঁকি আর নিতে চাইলেন না। মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিকে প্রথমে হ্যাঁ বললেও পরে না করে দেন। বোঝা গেল, শিক্ষা হয়েছে এই সুপারস্টারের।
দ্বৈত চরিত্র: মহেশ ভাটের ‘ডুপ্লিকেট’ (১৯৯৮) ও মনীশ শর্মার ‘ফ্যান’ (২০১৬)- দুই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেন শাহরুখ। আর দুটিই দর্শক টানতে ব্যর্থ হয়।
অতিথি চরিত্র: বন্ধু ও অনুরাগীদের খাতিরে শাহরুখ খান ক্যামিও রোল করেছেন অনেকবার। যার সংখ্যা ৩১। ২০১৬ সালের ‘ধানাক’ সিনেমাটির কাহিনি এমন দুই শিশুকে নিয়ে- যারা রাজস্থান থেকে শাহরুখের সঙ্গে দেখা করতে আসে। সেখানে নায়কের ক্যামিও দরকার ছিল, কিন্তু তা হয়নি। অন্যদিকে বন্ধুত্বের খাতিরে সালমানের ‘টিউবলাইট’-এ হাজির হয়েছিলেন। সালমানও ছিলেন ‘জিরো’তে। কোনোটিই সফল নয়।
এক্সপেরিমেন্টাল সিনেমা: অনেকে শাহরুখকে উপদেশ দেন- লাভার বয় রাহুল চরিত্রে বারবার আসবেন না। কিন্তু যতবারই তিনি এক্সপেরিমেন্ট করেছেন ব্যর্থ হয়েছেন। এই তালিকায় আছে হে রাম, ওহ ডার্লিং ইয়ে হ্যায় ইন্ডিয়া, আশোকা ও ফ্যান।
ডন: দুটি হিট উপহার দেওয়ার পর ফ্র্যাঞ্চাইজিটিতে বিদায় বলেছেন শাহরুখ। তিনি বুঝতে পেরেছেন একই গরুর দুধ বারবার দোহন ক্যারিয়ারের সামনে রোডব্লক সরানোর কোনো সমাধান নয়। খুঁজতে হবে নতুন কিছু।
