উন্নয়নের ‘রোল মডেল’ খেতাব পাওয়া একটি দেশের নাগরিকরা কেন অবৈধভাবে পাড়ি দিতে গিয়ে ভিনদেশের সাগরে ডুবে মরে? সেকি কেবলই প্রলোভন? টাকা বানানোর নেশা? উন্নত জীবনের স্বপ্ন? নাকি দেশে কোনো কিছু করতে না পেরে ভিনদেশে কিছু একটা করার তাড়নায়? এ প্রশ্নগুলোর জবাব খোঁজা দরকার। বাংলাদেশের শত শত নাগরিক টাকা উপার্জনের স্বপ্নে বিভোর হয়ে অবৈধভাবে ইউরোপ-আমেরিকা পাড়ি দেওয়ার চেষ্টা করছে। আর তাদের কাউকে কাউকে ভূমধ্যসাগরের জলে ডুবে মরতে হচ্ছে! ইউরোপ-আমেরিকা তো নয়, এ যেন এক ভয়ংকর মৃত্যুপথযাত্রা! গহিন অরণ্য, গভীর সমুদ্র, তপ্ত মরুভূমি পাড়ি দিয়ে ভয়ংকর স্বপ্নযাত্রায় পা রাখছে অনেক বেকার যুবক। ভয়ংকর এই স্বপ্নযাত্রায় সর্বস্ব বিক্রি করে দালালদের হাতে তুলে দিচ্ছে টাকা-পয়সাসহ পরিবারের শেষ সম্বল। কেউ কেউ অবৈধ পথে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারলেও অধিকাংশই হয় ভাগ্যাহত। ভাগ্য সহায় হলে অনেকের জায়গা হয় কনসেনট্রেশন ক্যাম্পে। বাকিদের কারও কারও সলিল সমাধি হয় নৌকাডুবিতে। কেউ প্রাণ হারায় অনাহারে অর্ধাহারে, নানা রোগ-শোকে। তারপরও জীবনবাজি রেখে মৃত্যুকে হাতে নিয়ে এক মরীচিকার পেছনে ছুটছে হাজার হাজার বাংলাদেশি তরুণ। তারা যেতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন উন্নত দেশে। তবে যে উন্নত জীবনের টানে তারা ধাবিত হয় সেসব দেশ সম্পর্কে কোনো ধারণাই নেই নেশায় পাওয়া এই যুবকদের। তারা যা শোনে তা সবই লোকমুখে এবং দালালদের কাছ থেকে।
উন্নত জীবনের আশায় ইউরোপ যেতে শরণার্থী হিসেবে আশ্রয় পাওয়া ট্রানজিট দেশ লিবিয়া। আর মার্কিন যুক্তরাষ্ট্র যাওয়ার পথ আরও কঠিন। কিন্তু জীবনের সর্বস্ব বাজি রাখা এই বেকার তরুণরা উন্নত জীবনের জন্য মৃত্যুভয়কে তুচ্ছ করে অবৈধপথে পৌঁছাতে চায় স্বপ্নের দেশে। এ জন্য তাদের পাড়ি দিতে হয় দীর্ঘ কয়েক হাজার মাইল পথ। প্রথমে ঢাকা থেকে দুবাই। দুবাই থেকে সমুদ্র পাড়ি দিয়ে ব্রাজিল। এরপর বলিভিয়া, পেরু, ইকুয়েডর, পানামা সিটি, মেক্সিকো হয়ে জঙ্গলে লুকিয়ে থেকে, সমুদ্র পথ পেরিয়ে, পায়ে হেঁটে শেষ পর্যন্ত ক্যালিফোর্নিয়া রাজ্যের স্যান সিদ্রো বর্ডার দিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। তবে অধিকাংশই সেখানে গিয়ে ধরা পড়ে। এই দীর্ঘ যাত্রার পর মার্কিন মুলুকের জেল থেকে শূন্য হাতে তাদের ফিরতে হয়। তবে যারা প্রাণে বেঁচে যায় কেবল তারাই ফিরে আসে। অন্যদের পথেই মৃত্যু হয়।
প্রতিবছর বাংলাদেশ থেকে বিদেশ পাড়ি দিচ্ছে ৭ থেকে ৮ লাখ মানুষ। কেউ যাচ্ছে বৈধ পথে, কেউবা অবৈধ উপায়ে। অবৈধ উপায়ে দালাল ধরে যারা বিদেশে যাচ্ছে তাদের অধিকাংশই সমুদ্র পাড়ি দিয়ে যায়। সম্প্রতি, লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে মরেছে ৬০ জন অভিবাসী। এর মধ্যে অন্তত ৪০ জন বাংলাদেশি। এভাবে সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ পাড়ি দিতে গিয়ে প্রতিবছর হাজার হাজার বাংলাদেশি নিহত হচ্ছে। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) তথ্য মতে, গত ১০ বছরে সমুদ্রপথে বিদেশ যেতে বাংলাদেশি নিহত বা নিখোঁজ হয়েছে ১০ হাজার। পাচার হয়েছে ২ লাখ ৬৫ হাজার মানুষ। আর বিদেশি কারাগারে বাংলাদেশি বন্দি রয়েছে ১৫ হাজারেরও বেশি। তবুও বিদেশ যাত্রা ‘নাহি মানে পরাভব!’
বাংলাদেশে অবৈধভাবে বিদেশ যাত্রার হার দিন দিন বাড়ছে। প্রশ্ন হলো টাকা রোজগার করতে গিয়ে বিদেশে ভয়াবহ সব অভিজ্ঞতার পরও কেন বাংলাদেশিরা এভাবে জীবনকে হাতের মুঠোয় নিয়ে ইউরোপ পাড়ি দিতে চাচ্ছে? বিষয়টি গভীরভাবে ভেবে দেখা দরকার। শুধু উন্নত জীবনের নেশা, বড়লোক হওয়ার বাসনা, টাকা কামাই করার মোহ থেকেই যে সবাই বিদেশ যায় বা যেতে চায় তা সম্ভবত সত্য নয়। এর জন্য দেশের অর্থনৈতিক পরিস্থিতিও কম দায়ী নয়। সরকারের কর্তাব্যক্তিরা নানা চটকদার কথায় দেশের শনৈঃ শনৈঃ উন্নয়নের কথা তুলে ধরেন। বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধিতে অনেক উন্নত দেশকে ছুঁয়ে ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রশ্ন হলো, গরিব ও বেকারদের তাতে কী লাভ? দেশে কি উদ্যোক্তা তৈরি হচ্ছে? কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে? মানুষের জীবিকা নির্বাহের ন্যূনতম সুযোগের প্রসার ঘটছে? তা যদি না হয়, তবে বাংলাদেশের অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা চীনের সমান হলেই কী? কাজ ও উপার্জনের আশায় যদি বিদেশযাত্রা না কমে, যদি কাজের স্বপ্নকে ধরতে করুণ অপমৃত্যুতেই লেখা হয় জীবনের শেষ অধ্যায়, তাহলে আর কিসের উন্নয়ন?
কিছুদিন আগে শ্রীলঙ্কায় সংঘটিত সন্ত্রাসী হামলার পর হামলার মূল পরিকল্পনাকারীর মালিকানাধীন একটা কপার ফ্যাক্টরিতে আবিস্কৃত হলো বেশ কয়েকজন বাংলাদেশি শ্রমিক। টুরিস্ট ভিসায় গিয়ে তারা অবৈধভাবে থেকে গিয়েছিল। এসব শ্রমিক তাদের গ্রামের ভিটেমাটি বিক্রি করে দিয়ে গিয়েছিল শ্রীলঙ্কার মতো দেশে। কতটা অসহায় হলে মানুষ শ্রীলঙ্কায় যায় অবৈধভাবে দিনমজুরি করতে?
এর আগে থাইল্যান্ডের এক জঙ্গলে অবৈধভাবে যাওয়া বাংলাদেশি শ্রমিকদের গণকবর পাওয়া গিয়েছিল। মালিকরা তাদের দাসের মতো ব্যবহার করে একসময় তাদের গণকবর দিয়ে রেখেছিল। বাংলাদেশের অসংখ্য মানুষ কাজের আশায় নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করে সাগরে ডুবে মরছে। কতটা বিপন্ন হলে যুদ্ধবিধস্ত সিরিয়ার মানুষের সঙ্গে এক হয়ে ইউরোপে একজন মানুষ কাজের সন্ধানে পাড়ি জমানোর ইচ্ছা পোষণ করে?
গেল সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় হলো তিনমাস বেকার থাকার কারণে একজন বাবার দোকানে গিয়ে বাচ্চার জন্য দুধ চুরি করার ঘটনা। কতটা অসহায়, নিরুপায় হলে মানুষ এমন ঘটনা ঘটাতে পারে? মনে রাখতে হবে যে, মানুষ খুব একটা দায়ে না পড়লে নিজস্ব বাড়িঘর, পরিবেশ, আত্মীয়-স্বজন, ভাষা-সংস্কৃতি ছেড়ে বিদেশ যেতে চায় না। যারা যায়, নিতান্ত দায়ে পড়েই যায়। দেশে কাজ থাকলে কেউ কাঁটাতারের বেড়া ডিঙিয়ে কিংবা মৃত্যু ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি দেয় না। অভিবাসী কর্মজীবীদের অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। বিদেশে উপযুক্ত ও পছন্দনীয় চাকরি পাওয়া কঠিন; চাকরির নিরাপত্তা থাকে না; কর্মজীবন কষ্টদায়ক, অনেক ক্ষেত্রে অমর্যাদাকর পরিস্থিতিতে পড়তে হয়; মানবিক অধিকার ও মৌলিক স্বাধীনতা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়; বৈষম্য, শোষণ ও নির্যাতনের শিকারও হতে হয়; বৈধ কাগজপত্রের অভাবে নির্বিবেক নিয়োগকারীরা সুযোগ নেন; কম বেতনে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কাজ করতে নিয়োগকারীরা জবরদস্তি করেন এবং যেকোনো অজুহাতে কর্মচ্যুত হওয়ারও আশঙ্কা থাকে। এর পরও বেশি উপার্জনের আশায় মানুষ নিজ দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছে।
সরকারের কর্তাব্যক্তিরা মুখে যাই বলুন না কেন, বাস্তবতা হচ্ছে, দেশে কাজ নেই। আয়-রোজগারের ব্যবস্থা নেই। বাংলাদেশের চাকরির বাজার এখনো সংকীর্ণ। লক্ষ লক্ষ উচ্চশিক্ষিত বেকার কাজের আশায় পথে পথে ঘুরে বেড়াচ্ছে। হাজার হাজার তরুণ নিজেদের শেষ সম্বলটুকু দালালের হাতে দিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় বিদেশে পাড়ি জমাচ্ছে। কিন্তু আসলেই কি তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে? জীবিকার সন্ধানে বিদেশ পাড়ি দিতে গিয়ে অনেকে সাগরে, মরুভূমিতে বা জঙ্গলে ধুঁকে ধুঁকে মরছে। আর যারা বেঁচে আছে তারা বিভিন্ন দেশে ফেরারি আসামি হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে। হয়তো এক জীবনে তাদের মা-বাবা বা প্রিয় মানুষের মুখটি আর দেখা হবে না। এছাড়াও বাংলাদেশের প্রচুর শিক্ষিত তরুণ বিশ্বের বিভিন্ন দেশে পেট্রল পাম্প, দোকান এবং বিভিন্ন রেস্টুরেন্টে শত কষ্ট সহ্য করেও কাজ করে যাচ্ছে। স্বাধীনতার ৪০ বছর পরেও জাতি হিসেবে আমরা পরাধীন রয়ে গেলাম! দেশের তরুণদের মুখে প্রায়ই শোনা যায়, বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নেই, সুযোগ পেলেই দেশের বাইরে চলে যাব। এখন সরকারের দায়িত্ব দেশে চাকরির বাজার সৃষ্টি করা এবং কর্মসংস্থান বাড়ানো। এ জন্য দরকার পরিকল্পিত উদ্যোগ। শুধু প্রবৃদ্ধি আর অবকাঠামোগত ‘কসমেটিক উন্নয়ন’ নয়, প্রকৃতপক্ষে দেশের বেকার যুবাদের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ। সিঙ্গাপুর যদি ‘জেলেদের গ্রাম’ থেকে আজ বিশ্বের সেরা মেগা-সিটি এবং পুঁজি বিনিয়োগের জন্য বিশ্বের সেরা দেশগুলোর একটি হতে পারে, বাংলাদেশ কেন পারবে না?
আমাদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে দাঁড়িয়েছে গরিব মানুষকে বিদেশে মজুরি খাটতে পাঠানো, আর নামমাত্র পারিশ্রমিকে মেয়েদের গার্মেন্টসে খাটানো। পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে, আমাদের দেশে এখন বেঁচে থাকাটাই বড় পাওয়া। ভালোভাবে বেঁচে
থাকাটা বিলাসিতা। কিন্তু এভাবে আর কতদিন? বালুতে মুখ গুঁজে আর উন্নয়নের ফাঁপা আওয়াজ শুনিয়ে দেশের মানুষকে আর কতদিন ভুলিয়ে রাখা যাবে? ভূমধ্যসাগরে যে যুবাদের স্বপ্ন ডুবে গেল, তাদের, তাদের পরিবারের সদস্যদের অভিশাপ কি ক্ষমতাসীনরা শুনতে পান?
