দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এ চুক্তি হলে ম্যারকোসারভুক্ত দেশ চারটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়বে বলে মনে করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট ম্যারকোসার। ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে এই জোটের সদস্য। এরই মধ্যে এই জোটের সঙ্গে এফটিএ স্বাক্ষরের প্রস্তাব দিয়ে রেখেছে বাংলাদেশ। চুক্তি হলে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য কতটা বাড়বে ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ কতটা লাভবান হবে তা দেখতে আগামী আগস্ট মাসে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেশগুলো সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এফটিএ শাখার কর্মকর্তারা জানান, প্রতিনিধিদলে সরকারি কর্মকর্তা ছাড়াও সম্ভাবনাময় বেসরকারি খাতের প্রতিনিধিরাও থাকবেন। ম্যারকোসার কাস্টমস ইউনিয়নের সঙ্গে এফটিএ করার প্রস্তাব বাংলাদেশ ২০১৮ সালের নভেম্বর মাসে পাঠিয়েছে। দেশগুলোও বাংলাদেশের সঙ্গে এফটিএ করতে আগ্রহী।
