ট্রেবল জিতেই মৌসুম শেষ করল সিটি

আপডেট : ১৯ মে ২০১৯, ১২:২৬ এএম

ক’দিন আগেই প্রিমিয়ার লিগ শিরোপা জিতে নিয়েছে ম্যানচেস্টার সিটি। তার আগে জিতেছিল লিগ কাপ। এবার ইংল্যান্ডের সবচেয়ে প্রাচীন নক আউট প্রতিযোগিতা এফএ কাপের শিরোপারও ঘরে তুলল পেপ গুয়ার্দিওলার দল।

শনিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে আসরের ফাইনালে ওয়াটফোর্ডকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। হ্যাটট্রিক করেছেন রাহিম স্টার্লিং। এ ছাড়া একটি করে গোল করেন ডেভিড সিলভা, কেভিন ডি ব্রুইন ও গ্যাব্রিয়েল জেসুস।

প্রথম দল হিসেবে ইংল্যান্ডের ঘরোয়া ত্রিমুকুট জিতল পেপ গার্দিওলার দল। ২০১১ সালের পর এই ট্রফি পেল সিটিজেনরা।

ম্যাচের শুরু থেকেই ওয়াটফোর্ডকে চাপে রাখে পেপ গার্দিওলার দল। প্রথমার্ধের ২৬ মিনিটে গোল করেন সিলভা। ৩৮ মিনিটে নিজের প্রথম গোলটি করেন স্টার্লিং।

দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানসিটি। এর পর ৬১ মিনিটে ডি ব্রুইন ও ৬৮ মিনিটে জেসুস গোল করলে ব্যবধান দাঁড়ায় ৪-০ তে। ৮১ ও ৮৭ মিনিটে আরও দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন স্টার্লিং।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত