আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ মিলে প্রায় আড়াই মাসের সফর বাংলাদেশ দলের। এই লম্বা সময়ে পরিবার থেকে দূরে থাকতে হবে ক্রিকেটারদের। এ জন্য ত্রিদেশীয় সিরিজের পর বিশ্বকাপের আগে ১০-১২ দিনের মতো ফাঁকা সময় পেয়ে দেশে ফিরছেন মাশরাফী-তামিম। আয়ারল্যান্ড থেকে বাকি দল ইংল্যান্ডের পথে রওনা হলেও এ দুজন ফিরছেন পরিবারের কাছে।
শুক্রবার রাতেই আয়ারল্যান্ড ছেড়েছেন মাশরাফী ও তামিম। এ ছাড়াও বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থাকা চার ক্রিকেটারও ফিরছেন। মাশরাফী-তামিমের সঙ্গে ফিরছেন নাঈম হাসান ও তাসকিন আহমেদ। বাকি দুই ক্রিকেটার ইয়াসির আলী ও ফরহাদ রেজা রবিবার ভোর ৫টায় দেশের উদ্দেশে রওনা দেবেন। দুবাই পর্যন্ত মাশরাফীদের সঙ্গে থাকবেন তামিম। সেখান থেকেই পরিবারের সঙ্গে যোগ দেবেন তিনি। মাশরাফী দেশে ফিরে ২২ মে বুধবার আবার ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন। বৃহস্পতিবার বিশ্বকাপ অধিনায়কদের নিয়ে আইসিসি একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে। তাতে অংশ নেবেন বাংলাদেশ অধিনায়ক।
অন্যদিকে মুশফিকসহ দলের ১৩ ক্রিকেটারের শনিবার ইংল্যান্ডের লেস্টার সিটিতে পৌঁছানোর কথা রয়েছে। লেস্টারে অনুশীলন করে রওনা হবেন কার্ডিফে। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন মাশরাফী ও তামিম। ২৬ ও ২৮ মে কার্ডিফে ভারত ও পাকিস্তানের বিপক্ষে আইসিসির প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ২ জুন কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
