প্রথম পর্বের প্রথম ম্যাচে জয়ের পর যে দলটি টানা ১২ ম্যাচ ছিল জয়শূন্য, সেই মোহামেডানই চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে গতকাল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে তারা হারিয়েছে ১-০ ব্যবধানে। অথচ ময়মনসিংহে এই মোহামেডানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছিল আরামবাগ, পেয়েছিল ৪-১ গোলের বড় জয়।
আগের দিন ঝড় ও বৃষ্টির কারণে দু’দলের এই ম্যাচটি স্থগিত হয়ে গিয়েছিল মাত্র ৩ মিনিট খেলা হওয়ার পর। গতকাল বডিলি শিফট হয়ে ম্যাচটি শুরু হয় ঠিক আগের ৩ মিনিট পর থেকে। শুরু থেকে চাপ প্রয়োগ করে খেলতে থাকা মোহামেডান জয়সূচক গোলটি পায় ১৬ মিনিট। আগের ম্যাচে টিম বিজেএমসিকে হারানো দলটিকে জয়টা উপহার দেন জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড তখলিস আহমেদ। ৬ মিনিট পর ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ এসেছিল মোহামেডানের সামনে। কিন্তু বর্ষীয়ান স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির শট পোস্টে লেগে ফিরলে ব্যবধানটা বড় হয়নি।
১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে মোহামেডানের অবস্থান ১৩ দলের লিগে দশম। আর ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে আরামবাগ।
