বিশ্বকাপের আগে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ট্রফি নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সঙ্গে ছিলেন সিরিজে খেলতে না পারা ও বিশ্বকাপ দলের বাইরে থাকা সতীর্থ তাসকিন আহমেদ, নাঈম হাসান ও ইয়াসির আলী রাব্বি।
আয়ারল্যান্ডের ডাবলিনে গত বৃস্পতিবার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সাতবারের প্রচেষ্টায় প্রথম কোনো বহুজাতিক টুর্নামেন্টে শিরোপা জয়ের উদযাপনে মাতে টাইগাররা।
সেই আরাধ্য ট্রফি উচ্ছ্বাসের কমতি নেই বাংলাদেশ দলের খেলোয়াড় ও সমর্থকদের। তবে বিমানবন্দরে পৌঁছে এ নিয়ে তেমন কিছুই বললেন না মাশরাফী। অবশ্য এ ব্যাপারে কথা না বলার যৌক্তিকতাও দেখিয়েছেন তিনি।
অপেক্ষমান সাংবাদিকদের মাশরাফী বলেন, “আপনারা যারা কষ্ট করে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি এখানে কথা বলব না কারণ দলের কেউ আসেনি। যারা খেলেছে তারা এখানে আসার দাবিদার। দলের পক্ষ থেকে আমি আছি কিন্তু ঠিক হবে না... মূল খেলোয়াড় যারা পারফর্ম করেছে তারা এখানে আসার দাবিদার।”
“এটা দলগত সাফল্য। এটা নিয়ে কথা বলতে হলে দলের সবাই থাকলে আমার মনে হয় ঠিক হতো। আমি যদি এখানে কথা বলি… ওরা না থাকলে আমার ভালো লাগছে না। আমার মনে হয় ওরা থাকেল আমি ভালো অনুভব করতাম।”
দেশে কয়েকদিন ছুটি কাটিয়ে বুধবার ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবেন মাশরাফী। বৃহস্পতিবার লন্ডনে বিশ্বকাপের সব অধিনায়ককে নিয়ে আইসিসির আনুষ্ঠানিক আয়োজনে থাকতে হবে তাকে। ওই দিনই যাবেন কার্ডিফে। ছুটি কাটিয়ে দুবাই থেকে কার্ডিফে দলের সঙ্গে যোগ দেবেন তামিম ইকবালও।
