বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল জার্সির সঙ্গে প্রযুক্তির ব্যবহার করতে যাচ্ছে। বলতে গেলে ক্রিকেটে একটা যুগান্তকারী পদক্ষেপই নিতে যাচ্ছে দেশটি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিদের জার্সিতে থাকবে- জিপিএস প্রযুক্তি।
সাধারণত বিশ্বের নামীদামি ফুটবল ক্লাবগুলো খেলোয়াড়দের ফিটনেস সচেতনতার ক্ষেত্রে এই অত্যাধুনিক ফিটনেস প্রযুক্তি ব্যবহার করে। তবে ক্রিকেটে এর আগে ‘প্লেয়ার-লোড ম্যানেজমেন্ট সিস্টেম’ নামক এই প্রযুক্তি আগে দেখা যায়নি।
ক্রিকেটারদের জার্সিতে হাই রেজুলেশন চিপ বসানো থাকবে। জিপিএসের সাহায্যে খেলোয়াড়দের চলাফেলা নির্ণয় করা হবে। কোন খেলোয়াড় কেমন পরিশ্রম করছে, শরীর কতটা সাড়া দিচ্ছে সবই জানাবে এই প্রযুক্তি।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এ প্রযুক্তি ব্যবস্থা কিনেছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান স্ট্যাটস্পোটর্স এর কাছ থেকে। ব্রাজিল, জার্মানি, ইংল্যান্ড, পর্তুগালের মতো ফুটবল দলগুলোকেও এই প্রতিষ্ঠান এ প্রযুক্তি দিয়ে সাহায্য করে।
৩০ মে মাঠে গড়াবে বিশ্বকাপ। ভারত নিজেদের মিশন শুরু করবে ৫ জুন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে দেশটি। এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট মনে করা হচ্ছে কোহলির নেতৃত্বাধীন দলটিকে।
১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ভারত প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে। এরপর ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপের দ্বিতীয় শিরোপার স্বাদ পায় দলটি।
