স্প্যানিশ লিগ লা লিগার শেষ দিনে গতকাল নিজেদের মাঠে ০-২ গোলে রিয়াল বেতিসের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। এদিকে শিরোপা জয়ের মৌসুমের শেষটা জয়ে রাঙাতে ব্যর্থ বার্সেলোনা। তবে লিওনেল মেসি বরাবরের মতোই উজ্জ্বল। অ্যাইবারের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচে দলের পক্ষে জোড়া গোল করেছেন মেসি।
মৌসুমের তিন ম্যাচ বাকি থাকতে শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। তাই শেষ ম্যাচ না জিতলেও আক্ষেপ নেই মেসিদের। অ্যাইবারের মাঠে ২০ মিনিটে পিছিয়ে যায় বার্সা। ৩১ মিনিটে গোল শোধ দেন মেসি। পরের মিনিটে আবারও গোল করেন। এতে লিগে তার গোলসংখ্যা দাঁড়াল ৩৬টি। এই মৌসুমেও সর্বোচ্চ গোলের জন্য ‘পিচিচি ট্রফি’ তার দখলে গেল। এ নিয়ে রেকর্ড ষষ্ঠবার ও টানা তৃতীয়বার এই ট্রফি জিতলেন পাঁচবারের বর্ষসেরা তারকা। ৪৫ মিনিটে আবারও গোল শোধ দেয় অ্যাইবার। চলতি আসরে ২৬তম লিগ শিরোপা জিতল বার্সেলোনা।
এদিকে টানা দুই হারে লিগ শেষ করল রিয়াল। আগের ম্যাচে রিয়াল সোসিয়েদের কাছেও হেরেছিল জিনেদিন জিদানের দল। সব মিলিয়ে লিগে এটি তাদের ১২তম হার। ৩৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে দলটি। ১৯৯৮-৯৯ মৌসুমের পর এই প্রথম লিগে ১২ ম্যাচ হারল মাদ্রিদ। আর ২০০১-২ মৌসুমের পর প্রথম এত কম পয়েন্ট পেয়ে লিগ শেষ করল তারা।
এদিন ম্যাচে জিদান খেলাননি ওয়েলস তারকা গ্যারেথ বেলকে। এছাড়া টনি ক্রুশ ও গোলরক্ষক কর্তোয়াকে খেলাননি জিদান। স্প্যানিশ মিডিয়ায় গুঞ্জন আছে আগামী মৌসুমে দল ছাড়ছেন বেল। যদি এমনটি হয় তবে সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ম্যাচটি খেলা হলো না বেলের।
মৌসুমের শুরু থেকেই নানা সমালোচনার মধ্য দিয়ে যেতে হয় মাদ্রিদকে। প্রথম দিকে সাবেক কোচ সান্তিয়াগো সোলারির অধীনে ভালো করতে না পারায় তাকে বরখাস্ত করে রিয়াল মাদ্রিদ। এবং দ্বিতীয় বারের মতো দলের কোচ হিসেবে যোগ দেন জিদান। কিন্তু অবস্থার তেমন উন্নতি না হলেও শীর্ষ চারে থেকে লিগ শেষ করা নিশ্চিত করে মাদ্রিদ।
