আইপিএলে দারুণ খেলে বিশ্বকাপ দলে জায়গা করে নেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। কিন্তু মুম্বাইয়ের শিরোপা জয়ে বড় অবদান রাখা অলরাউন্ডার কাইরন পোলার্ডকে দলে না নেওয়ায় সমালোচনা শুনতে হয়েছিল উইন্ডিজ ক্রিকেট বোর্ডকে। দেরিতে হলেও মত বদলেছে বোর্ড। বিশ্বকাপের জন্য ১০ জনের রিজার্ভ দল ঘোষণা করেছে তারা। সেই দলে আছেন পোলার্ড। দলে আছে আরও চমক। চমকের নাম ডোয়াইন ব্রাভো! অথচ গত বছর অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।
চার বছরের বেশি সময় ধরে কোনো আন্তর্জাতিক ওয়ানডে খেলেননি ব্রাভো। সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে। সেই সিরিজে অধিনায়ক ছিলেন তিনি। কিন্তু বোর্ডের সঙ্গে বেতন নিয়ে ঝামেলা হওয়ায় ভারত সফরের মাঝপথে সিরিজ শেষ না করেই ফিরে এসেছিল পুরো দল। আর পোলার্ড সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৬ সালের অক্টোবরে।
রিজার্ভ দল সম্পর্কে উইন্ডিজ বোর্ডের প্রধান নির্বাচক রবার্ট হেইন্স বলেন, ‘রিজার্ভ বেঞ্চে খেলোয়াড়দের রাখা হয়েছে দলের ভারসাম্য পূরণের জন্য। এবং দলে পরিবর্তনের প্রয়োজন হলে যেন করা যায়।’ উইন্ডিজের রিজার্ভ দল গতকাল থেকে সাউদাম্পটনে শুরু করেছে চার দিনের ক্যাম্প। এছাড়া ২২ মে ইংল্যান্ডের রোজ বোলে অস্ট্রেলিয়ার সঙ্গে অতিরিক্ত একটি প্রস্তুতি ম্যাচও খেলবে উইন্ডিজ। সেখানেও থাকবেন রিজার্ভ দলের খেলোয়াড়রা।
উইন্ডিজের রিজার্ভ দল : কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, সুনিল আমব্রিস, জন ক্যাম্পবেল, জনাথন কার্টার, রসটন চেজ, শেন ডরউইচ, কিমো পল, খারি পিয়েরে, রেমন রিফার।
