শিরোপা উৎসবের দিন ইউভেন্তুসের হোঁচট

আপডেট : ২০ মে ২০১৯, ০৮:৫৫ এএম

শিরোপা নিশ্চিত হয়েছিল পাঁচ ম্যাচ আগে। মৌসুম শেষ হতে হতে ইউভেন্তুসের সেই ছন্দ যেন কোথায় গেল উবে। আতালান্তার বিপক্ষে নিজেদের মাঠে কোনোমতে হার এড়িয়েছে দলটি । এদিন ম্যাচ শেষে টানা অষ্টমবারের চ্যাম্পিয়নদের হাতে সেরি আ ট্রফি তুলে দেওয়া হয়।

রোববার রাতে রোনালদোরা ১-১ গোলে ড্র করেছে। সেরি আয় এই নিয়ে টানা চার মাচ জয়শূন্য থাকল সর্বোচ্চ ৩৫ বারের চ্যাম্পিয়নরা। ইন্টার মিলান ও তোরিনোর সঙ্গে ড্রয়ের পর গত সপ্তাহে রোমার মাঠে ২-০ গোলে হেরেছিল আল্লেগ্রির দল।

৩৩তম মিনিটে পিছিয়ে পড়ে শিরোপাধারীরা। দূরের পোস্টে বল পেয়ে দারুণ এক টোকায় জাল খুঁজে নেন বসনিয়ার মিডফিল্ডার ইয়োসিপ ইলিচিচ।

৮০তম মিনিটে মানজুকিচের গোলে সমতায় ফেরে ইউভেন্তুস।

বাকি সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও পার্থক্য গড়ে দিতে পারেনি কেউ। উল্টো যোগ করা সময়ে প্রতিপক্ষের ফরোয়ার্ড মুসাকে বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ইউভেন্তুসের ইতালিয়ান ফরোয়ার্ড ফেদেরিকো বের্নারদেস্কি।

এদিন ঘরের মাঠে শেষ ম্যাচে সাইড-লাইনে দাঁড়ালেন কোচ আল্লেগ্রি। ২০১৪ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে টানা পাঁচ মৌসুমে দলটিকে লিগ শিরোপা জিতিয়েছেন ইতালিয়ান এই কোচ।

ইউভেন্তুস স্টেডিয়ামে এই ম্যাচ শেষ হয়ে রইল আন্দ্রেয়া বারজাগলিরও। চলতি মৌসুম শেষে ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি। এদিন বদলি হিসেবে মাঠে নেমে কান্নায় ভেঙে পড়েন এই সেন্টার-ব্যাক। কিক-অফের আগে তাকে গার্ড অব অনার দেয় তার সতীর্থরা।

৩৭ ম্যাচে ২৮ জয় ও ছয় ড্রয়ে ইউভেন্তুসের পয়েন্ট ৯০। মৌসুমে তাদের একটি অ্যাওয়ে ম্যাচ বাকি আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত