জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে তার ‘চোখের কার্নিশে’ গানের মিউজিক ভিডিও। এরই মধ্যে গানটি সর্বস্তরের মানুষের প্রশংসা পাচ্ছে। ঈদ ব্যস্ততা ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ। ছবি : শেখ সাদী প্রশংসিত ‘চোখের কার্নিশে’
গানটি শুনে সবাই খুব প্রশংসা করেছেন। গানের এমন প্রশংসায় কাজের গতি বেড়ে যায়। বেশ ভালো লাগছে। সত্যিই এর কথা ও সুর অসাধারণ। এবারের ঈদে তাই উপহার হিসেবে ভিডিও আকারে এলো গানটি। আমার মেয়ে আনমলের ইউটিউব চ্যানেল ‘আনমল প্রেজেন্টস ফাহমিদা নবী’তে এটি অবমুক্ত করা হয়েছে।’ গানটির কথা লেখার পাশাপাশি এর ভিডিও পরিচালনা করেছেন ওয়ালিদ আহমেদ। এর সুর ও সংগীত করেছেন সজীব দাস।
ঈদের কাজ...
এরই মধ্যে বেশ কিছু চ্যানেল থেকে ঈদের অনুষ্ঠানের রেকর্ডিং ও লাইভ অনুষ্টানের কথা বলেছে। কিন্তু সব কাজ করা সম্ভব হয়নি। কারণ এখন শোবিজে শিল্পীর মান অনুযায়ী তাকে মূল্যায়ন করা হয় না। এ জন্য আমার কাছে ব্যস্ততার চেয়ে সম্মানের সঙ্গে কাজ করাকে শ্রেয় মনে হয়। একুশে টিভির প্রস্তাবটি সব মিলিয়ে পছন্দ হয়েছে। তাই ঈদের তৃতীয় দিন রাতে আমাকে একক লাইভ অনুষ্ঠানে পাওয়া যাবে। এ ছাড়া ক্লোজআপ তারকা মুহিনের সুরে বৃষ্টি নিয়ে একটি গান গেয়েছি। সেটির মিউজিক ভিডিও প্রকাশ হবে। কদিন আগে ‘শ্রাবণ এলে আবার’ নামের আরও একটি গানের লিরিক্যাল ভিডিও এসেছে। এ গানটির সুর-সংগীত করেছেন জয় শাহরিয়ার।
রিয়েলিটি শো ‘সুপার সিলন’
আসছে ১৪ জুন থেকে এনটিভিতে নতুন রিয়েলিটি শো শুরু করছি। এর নাম ‘সুপার সিলন’। এখানে দেশের বিভিন্ন প্রান্তের গৃহিণীরা প্রতিযোগিতা করছেন। প্রথমে একটু সংশয় ছিল, গৃহিণীরা কেমন গাইবেন। কিন্তু প্রতিযোগিতা প্রচারের পর থেকেই দর্শক বুঝবেন দারুণ গাইছেন তারা। আমি মুগ্ধ হয়েছি তাদের গানে। ১৬ জুন থেকে এ প্রতিযোগিতার নতুন পর্বগুলোর শ্যুটিং শুরু হবে।
সুরের আয়না...
বেশ লম্বা সময় ধরে বাংলাভিশনে ‘সুরের আয়না’ নামের একটি গানের অনুষ্ঠান উপস্থাপনা করছি। প্রথম দিকে এই অনুষ্ঠান নিয়ে খুবই উচ্ছ্বসিত ছিলাম। কিন্তু বেশ কয়েক মাস পর থেকে আমি এবং অনুষ্ঠানের প্রযোজক খুব সংশয়ে আছি। আপাতদৃষ্টিতে মনে হয়, আমাদের দেশে অনেক গানের শিল্পী রয়েছেন। কিন্তু এই অনুষ্ঠান করতে গিয়ে বুঝেছি, মানসম্মত গান গাওয়ার শিল্পী খুবই কম। তাই আমরা শিল্পী সংকটে ভুগছি। তবে এখনো মানের ক্ষেত্রে আপস করিনি। দরকার হলে যেসব শিল্পী আগে গেয়েছেন তাদের আবার ডাকব।
