‘স্মিথ-ওয়ার্নারকে নিয়ে চিন্তায় বাকিরা’

আপডেট : ২১ মে ২০১৯, ১২:৩৮ এএম

গত এক বছর অস্ট্রেলিয়া দলের সঙ্গে ছিলেন না স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। এক বছর পর ফিরলেন বিশ্বকাপ দিয়েই। তাই বিশ্বকাপে অস্ট্রেলিয়া দল নিয়ে আলোচনা মানেই এ দুজন। ১৯৯৯ বিশ্বকাপজয়ী তারকা স্টিভ ওয়াহ মনে করেন, এতে লাভ হয়েছে অস্ট্রেলিয়ার। তার মতে, ওয়ার্নার-স্মিথের না থাকাটা শাপে বর হয়েছে অস্ট্রেলিয়ার জন্য। দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ফেরায় শক্তি বেড়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। এতে বাকি দলগুলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে চিন্তায় পড়েছে বলে মনে করেন স্টিভ ওয়াহ।

বল ট্যাম্পারিং কাণ্ডে এক বছর নিষিদ্ধ থাকার সময়ে দুই ক্রিকেটারই ইনজুরিতে পড়েছিলেন। দুজনকেই কনুইয়ে অস্ত্রোপচার করাতে হয়েছে। ফিট হয়ে দুর্দান্ত ফর্ম নিয়ে ফিরেছেন দুজন। স্টিভ ওয়াহ বলেছেন, ‘সব প্রতিপক্ষই অস্ট্রেলিয়াকে নিয়ে চিন্তিত। তারা জানে অজিরা কী করতে পারে। গত এক বছর দলটি ভঙ্গুর অবস্থা ছিল। কিন্তু এখন ওই পরিস্থিতি কাটিয়ে উঠেছে। স্মিথ-ওয়ার্নারসহ আমাদের সেরা দলটাই বিশ্বকাপে গেছে।’

বিশ্বকাপের আগেই জ্বলে ওঠার পুরনো অভ্যাস আছে অস্ট্রেলিয়ার। নিয়ম মেনে এবারও সঠিক সময়ে ফর্মে ফিরেছে অজিরা। ২০১৮ সালের শুরুটা খুব বাজে ছিল দলটির জন্য। গত বছরের শেষদিকে ভারত সফরের মাঝামাঝি পর্যন্ত ১৮ ওয়ানডেতে মাত্র তিনটি ম্যাচ জিতেছিল তারা। কিন্তু ভারত সফর থেকেই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় অ্যারন ফিঞ্চের দল। পাঁচ ম্যাচ সিরিজে ২-০-তে পিছিয়ে থেকেও টানা তিন ম্যাচ জিতে ভারতকে তাদের মাটিতে হারানোর স্বাদ পায়। এরপর পাকিস্তানের বিপক্ষে টানা পাঁচ ম্যাচ জিতে একাধারে মোট আট ম্যাচ জেতার সাফল্য দেখায়। স্টিভ ওয়াহ মনে করেন, এতে নিজেদের প্রমাণ করেছে অস্ট্রেলিয়ানরা, ‘দলটির ফর্ম খুব বাজে ছিল। কিন্তু হঠাৎ তারা টানা আট ম্যাচ জিতে নিল। ভারতের পর পাকিস্তানের বিপক্ষে জিতে এটা প্রমাণ করেছে যে, তাদের ফিরে আসা কোনো সাময়িক ঘটনা নয়। সেই সঙ্গে স্মিথ ও ওয়ার্নারও ফিরে এসেছে। এটা বাকি দলগুলোর জন্য দুশ্চিন্তার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত