এসডিজি অর্জনে বিভাগীয় পর্যায়ে কমিটি গঠন

আপডেট : ২১ মে ২০১৯, ০২:০৯ এএম

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিভাগীয় পর্যায়ের সরকারি দপ্তর, বেসরকারি সংস্থা ও ব্যক্তি খাতে পরিচালিত কার্যক্রম যথাযথ বাস্তবায়ন ও সমন্বয়ের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটির সভাপতি থাকবেন বিভাগীয় কমিশনার।

‘টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ (এসডিজিএস) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটি’ জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ ২০৩০ অর্জন নিশ্চিতকল্পে কাজ করবে।

গত ১৬ মে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (কমিটি ও অর্থনৈতিক) ড. আবু সালেহ মোস্তফা কামাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কমিটির কার্যপরিধি সম্পর্কে বিস্তারিত বলা হয়।

এতে বলা হয়েছে, এ কমিটি বাংলাদেশের এসডিজি অগ্রাধিকার তালিকাকে প্রাধান্য দিয়ে, এসডিজি বাস্তবায়নে জাতীয় কর্মপরিকল্পনা ও স্থানীয়করণ সংক্রান্ত নীতিমালা অনুরসরণ করবে। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে কর্মপরিকল্পনা প্রণয়নে সহায়তা প্রদান সমন্বয় সাধন করবে।

এসডিজি অগ্রাধিকার তালিকা অনুযায়ী অর্জিত অগ্রগতির বিষয়ে মাসিক সভা আহ্বান এবং বাস্তবায়ন অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগ ও এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়কে অবহিত করবে এ কমিটি। এ ছাড়া  জেলা পর্যায়ের অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক জেলা এসডিজি বাস্তবায়ন ও সমন্বয় কমিটিকে প্রয়োজন অনুযায়ী নির্দেশনা দেবে।

কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় পর্যায়ে অবস্থিত মন্ত্রণালয় বা বিভাগগুলোর আওতাধীন দফতর বা সংস্থার প্রধান, জেলা প্রশাসক (সব), ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রান্তিক ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর প্রতিনিধি। এ ছাড়া এ কমিটির সদস্য সচিব করা হয়েছে সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালককে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত