ধান কেনার লক্ষ্যমাত্রা বাড়ানোর সুপারিশ সংসদীয় কমিটির

আপডেট : ২১ মে ২০১৯, ০৩:০১ এএম

ধানের যৌক্তিক মূল্য নিশ্চিতে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের পাশাপাশি চাল আমদানি বন্ধের সুপারিশ করেছে খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ ছাড়া কমিটি সরকারের ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা বাড়ানোরও সুপারিশ করেছে। আর কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক জানিয়েছেন, ধানের দাম নিয়ে বিভিন্ন মহলের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। শিগগিরই এ সমস্যার সমাধান হবে। এ ছাড়া কৃষিকে আধুনিকায়ন, যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকীকরণ করে এর স্থায়ী সমাধানের চেষ্টাও সরকার করছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে যৌক্তিক মূল্য নিশ্চিত করতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার নির্দেশে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু হচ্ছে ওই এলাকায়। আজ মঙ্গলবার থেকে সদর উপজেলার মাইজপাড়া হাট থেকে খাদ্য অধিদপ্তর সরাসরি কৃষকের ধান কেনা শুরু করবে।

তবে এর পরও ধানের যৌক্তিক মূল্য নিশ্চিতের দাবিতে দেশের বিভিন্ন স্থানে কৃষক, উন্নয়ন সংগঠনগুলো মানববন্ধন করেছে। তারা সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়সহ সরকারিভাবে ঘোষণা দিয়ে দাম বাড়ানোর দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এ বছর সরকার ২৬ টাকা কেজি দরে ধান কিনছে। সেই হিসাবে প্রতি মণ ধানের দাম দাঁড়ায় ১ হাজার ৪০ টাকা। অথচ এলাকাভেদে ৫০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে কৃষকের ধান। তাই ধানের যৌক্তিক মূল্য নিশ্চিত করতে গতকাল সোমবার বরিশাল, মৌলভীবাজার ও সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় ও চাল আমদানি বন্ধের সুপারিশ

কৃষকের স্বার্থসংরক্ষণে সরাসরি তাদের কাছ থেকে ধান ক্রয় ও চাল আমদানি বন্ধের সুপারিশ করেছে খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম বলেন, ‘এবার ধান উৎপাদন বেশি হয়েছে। আমরা এজন্য সরকারকে বলেছি, দেড় লাখ টন ধান কেনার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তার চেয়ে যেন বেশি কেনা হয়।’

তিনি বলেন, কমিটি ভর্তুকি দিয়ে হলেও চাল রপ্তানির সুপারিশ করেছে। কমিটি সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য বলেছে, যাতে মধ্যস্বত্বভোগীরা কোনো সুযাগ না পায়।

এ সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, সারা দেশে ২০০টি ৫ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার ‘প্যাডি সাইলো’ নির্মাণ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সেগুলো নির্মাণ করা হলে কৃষক সেখানে নিজের ধান শুকিয়ে বিক্রি করতে পারবে। আগামী এক মাসের মধ্যে এ প্রকল্পের জন্য ডিপিপি প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।

‘দ্রুতই এ সমস্যার সমাধান হবে’

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক জানিয়েছেন, বিষয়টি নিয়ে বিভিন্ন মহলের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। শিগগিরই এ সমস্যার সমাধান হবে। এ ছাড়া কৃষিকে আধুনিকায়ন, যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকীকরণ করে এর স্থায়ী সমাধানের চেষ্টাও সরকার করছে বলে জানিয়েছেন তিনি। গতকাল সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর থ্রিডি অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তর শীর্ষক প্রশিক্ষণ প্রকল্পের (৩য় পর্যায়ে) আওতায় উপজেলা কৃষি কর্মকর্তাদের গাড়ি বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে বিভিন্ন মহলের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে। দ্রুতই এ সমস্যার সমাধান করা হবে। কৃষিকে আধুনিকায়ন, যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকীকরণ করে কৃষির সব সমস্যা দূর করা হবে। আমাদের নির্বাচনী ইশতেহারে যা যা উল্লেখ রয়েছে তা সব বাস্তবায়ন করা হবে।’

তিনি বলেন, কৃষির উৎপাদনশীলতা নির্ভর করে কৃষিপ্রযুক্তির ওপর। কৃষি গবেষণা বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করে থাকে আর কৃষি কর্মকর্তারা এই প্রযুক্তি মাঠ পর্যায়ে নিয়ে উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে কৃষকবান্ধব সরকার বলেও উল্লেখ করেন।

এ সময় কৃষিমন্ত্রী ৮৮টি উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তাদের হাতে গাড়ির চাবি তুলে দিয়ে সরকারি গাড়ি প্রযুক্তি হস্তান্তরের কাজে ব্যবহারের জন্য কৃষি কর্মকর্তাদের আহ্বান জানান।

মাশরাফীর নির্দেশে সরাসরি কৃষকের ধান ক্রয় শুরু

ধানের যৌক্তিক মূল্য নিশ্চিত করতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার নির্দেশে সরাসরি কৃষকের কাছ থেকে ধানা কেনা শুরু হচ্ছে ওই এলাকায়। আজ মঙ্গলবার থেকে সদর উপজেলার মাইজপাড়া হাট থেকে খাদ্য অধিদপ্তর সরসরি কৃষকের ধান কেনা শুরু করবে।

গত রবিবার রাতে নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরার কাছে ফোন করে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেন এমপি মাশরাফী। পাশাপাশি কোনো সিন্ডিকেটের মাধ্যমে যাতে সরকারিভাবে ধান ক্রয় করা না হয়, সেদিকে বিশেষভাবে নজর দেওয়ার অনুরোধ জানান।

জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ‘এমপি মহোদয় ফোন করার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরাও চাই কৃষক যাতে ধানের ন্যায্য মূল্য পায়।’

কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবি

কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবিতে গতকাল সোমবার বরিশাল, মৌলভীবাজার ও সিরাজগঞ্জে মানববন্ধন করেছেন কৃষক ও বেসরকারি উন্নয়ন কর্মীরা।

গতকাল সোমবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনীকুমার হলের সামনে এই দাবিতে মানববন্ধন করে বেসরকারি উন্নয়ন সংস্থা খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি)। তাতে যোগ দেন অন্যান্য সংগঠনও সংস্থার কর্মীরা।

ধানের যৌক্তিক মূল্যের দাবিতে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে হাওর বাঁচাও, কৃষক বাঁচাও, কৃষি বাঁচাও সংগ্রাম পরিষদ, জেলা বন্যা প্রতিরক্ষায় প্রেসার গ্রুপ, সুশাসনের জন্য নাগরিকসহ (সুজন) আরও কয়েকটি সংগঠন।

ধানের দাম বাড়ানোর দাবিতে গতকাল মানববন্ধন করেছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কৃষকরা। ওই দিন প্রেস ক্লাবের সামনের সেই মানববন্ধন থেকে কৃষকের উৎপাদিত ধানের যৌক্তিক দাম দিতে ও প্রকৃত কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের বিষয়টি নিশ্চিতের দাবি জানান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত