কানুনগো পদে পদোন্নতি নেই ১৬ বছর

আপডেট : ২১ মে ২০১৯, ০৪:১৫ এএম

ভূমি ব্যবস্থাপনা ও জরিপ বিভাগে গুরুত্বপূর্ণ কানুনগো পদে ১৬ বছর ধরে কোনো পদোন্নতি পাচ্ছেন না সার্ভেয়াররা। এ ছাড়া ১ হাজার ২০০ পদ শূন্য থাকলেও এই পদে সরাসরি নিয়োগ বন্ধ রয়েছে ২৯ বছর। পদোন্নতি-প্রত্যাশীদের অভিযোগ, পদোন্নতি দিতে ২০১২ সালে উচ্চ আদালতে আদেশ থাকার পরেও এখনো তা কার্যকর করেনি ভূমি মন্ত্রাণালয়। এমনকি আদালত অবমাননার মামলা হলেও গত আট বছরে বিষটির সুরহা হয়নি। গতকাল সোমবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিএসইবি) ও ম্যানেজমেন্ট সার্ভেয়ার্স অ্যাসোসিয়েশন নেতারা দেশ রূপান্তরের কাছে এসব অভিযোগ করেন।

আইডিএসইবির ভাইস প্রেসিডেন্ট ইব্রাহিম খলিল দেশ রূপান্তরকে বলেন, ‘ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী গত ২৬ এপ্রিল ৫৭৩ সার্ভেয়ারকে কাননগো পদোন্নতি দেওয়ার নথি অনুমোদন করে নির্দেশনা জারির (জিও) জন্য নির্দেশ দেন। কিন্তু ভারপ্রাপ্ত সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী জিও জারি না করে সময় ক্ষেপণ করছেন।’

এ বিষয়ে জানতে চাইলে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘যারা পদোন্নতি পাওয়ার যোগ্য তাদের সবাইকে আমরা পদোন্নতি দিয়ে কাজ আদায় করে নিতে চাই। এই পদে পদোন্নতিতে যোগ্য বিভিন্ন গ্রুপ আদালতে পরস্পরের বিরুদ্ধে মামলা করে; এতে পদোন্নতি আটকে যায়। আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করছি।’

ভুক্তভোগীদের অভিযোগ, সারা দেশে  ই-নামজারি চালু করা ও অটোমোটেড কমপেনসেশন পেমেন্ট সিস্টেমের (এসিপিএস) মাধ্যমে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ কাজ শুরু হয়েছে। বর্তমানে শুধু ঢাকা জেলায় এসিপিএসের পাইলট কার্যক্রম চলছে এবং অচিরেই সারা দেশে এই কার্যক্রম শুরু হবে। এই কার্যক্রমসহ সামগ্রিক ভূমি ব্যবস্থাপনায় কানুনগো একটি গুরুত্বপূর্ণ পদ। এই পদে পর্যাপ্ত লোকবল না থাকায় ভূমি ব্যবস্থাপনায় নানাবিধ জটিলতা তৈরি হয়। সারা দেশে জরিপ বিভাগ ও ভূমি ব্যবস্থাপনা বিভাগে মোট ১ হাজার ৪১১টি কানুনগো পদের বিপরীতে মাত্র ২১০ জন কর্মরত আছেন। মাঠ প্রশাসনে কানুনগোর প্রায় ১ হাজার ২০০ পদ শূন্য রয়েছে। কানুনগো পদের ৫০ শতাংশ সরাসরি নিয়োগ ও ৫০ শতাংশ ফিডার পদধারীর মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে পূরণের কথা বলা হয়েছে।

আইডিএসইবির সভাপতি হুমায়ন কবির বলেন, ১৯৯১ সালে কানুনগো পদে নিয়োগ দেওয়ার পর দীর্ঘ ২৯ বছরেও আর কোনো নিয়োগ দেওয়া হয়নি। সর্বশেষ ২০০৩ সালে ফিডার পদধারী সার্ভেয়ার, তহশিলদার ও ড্রাফটসম্যান পদ থেকে ২৩৫ জনকে কানুনগো পদে পদোন্নতি দেওয়ারও ১৬ বছর কেটে গেছে। কিন্তু পদোন্নতি দেওয়া হচ্ছে না। পদোন্নতি-প্রত্যাশী কর্মচারীরা ২৫ থেকে ৩০ বছর একই পদে কর্মরত থেকে পদোন্নতিবঞ্চিত হয়েছেন। পরে তারা ২০১১ সালে হাইকোর্টে রিট মামলা করেন। হাইকোর্ট বিভাগ পদোন্নতি কার্যকরের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদানসহ রায় প্রদান করেন। এর পরও ভূমি মন্ত্রণালয় পদোন্নতি প্রদান না করায় ২০১২ সালে আদালত অবমাননা মামলা (কনটেম্পট) দায়ের করেন। ২০১২ সাল থেকে দীর্ঘ আট বছর যাবৎ পদোন্নতি প্রদান না করে বারবার সময় ক্ষেপণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত