প্রশমিত হবে তাপপ্রবাহ, বাড়বে বৃষ্টির দাপট

আপডেট : ২১ মে ২০১৯, ১১:৩৪ এএম

দেশের কিছু এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হয়ে আসবে। কুমিল্লা, নোয়াখালী ও রাঙ্গামাটি অঞ্চলসহ পাঁচ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হবে। পরবর্তী ৭২ ঘণ্টা নাগাদ বৃষ্টিপাতের দাপট বাড়বে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে একথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, টাঙ্গাইল, মাদারীপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, নোয়াখালী, রাঙ্গামাটি, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।

কুমিল্লা, নোয়াখালী ও রাঙ্গামাটি অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সোমবার যশোর ও মোংলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার ময়মনসিংহে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ২৫ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।

পরবর্তী তিন দিনের (৭২ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময় নাগাদ কার্যশক্তি বৃদ্ধি পেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত