গত সপ্তাহে ফেইসবুকে বাংলাদেশ থেকে পরিচালিত বেশ কিছু গ্রুপ পেজ ও সেসব গ্রুপের অ্যাডমিনদের অ্যাকাউন্টের হদিস পাওয়া যাচ্ছিল না। খোঁজ নিয়ে দেখা যায়, বিনা নোটিসে লক্ষাধিক অনুসারী নিয়ে পরিচালিত সার্চ ইংলিশ, আপওয়ার্ক বাংলাদেশ, ক্রিকেট খোর, উই আর বাংলাদেশসহ বেশ কিছু কমিউনিটি গ্রুপের হদিস মিলছিল না। এসব গ্রুপের অ্যাডমিনদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে উধাও গ্রুপগুলো বৃহস্পতিবার থেকে আবার ফিরতে শুরু করেছে।
ফেইসবুক কর্র্তৃপক্ষ বলছে, গ্রুপগুলো ‘সাবোটাজ’ করা হয়েছিল। কিন্তু এর পেছনে কারা, সে তথ্য প্রকাশ করেনি ফেইসবুক কর্র্তৃপক্ষ। ফেইসবুকের এক মুখপাত্রের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এ তথ্য জানিয়েছে।
ফেইসবুক বলছে, হুট করে ফেইসবুকের বেশ কিছু গ্রুপের বিরুদ্ধে কনটেন্ট প্রকাশের নীতিমালা ভঙ্গের অভিযোগ আসতে থাকে। এতে ফেইসবুক ওই গ্রুপগুলো দ্রুত বন্ধ করে দেয়। তবে এটা দুর্বৃত্তরা ইচ্ছাকৃতভাবে করেছে বলে একে ‘সাবোটাজ’ বলা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত করে ফেইসবুক। তদন্তে জানা গেছে, এটি পুরোপুরি ষড়যন্ত্র। তাই যেসব গ্রুপ ও অ্যাডমিন অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, তা ফেরত দেওয়া হয়েছে।
দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়, বৈধ ও অহিংস অনেক গ্রুপ ষড়যন্ত্রের শিকার হয় বলে স্বীকার করেছে ফেইসবুক। এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সে জন্য ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কর্র্তৃপক্ষ।
দ্য ভার্জ জানিয়েছে, জনপ্রিয় মিম অ্যাকাউন্ট ক্রসওভার্স নোবডি আস্কড ফর (সিএনএএফ) বন্ধ হওয়ার পর গ্রুপ সাবোটাজের বিষয়টি নজরে আসে। এর পেছনে ইন্দোনেশিয়ান রিপোর্টিং কমিশন (আইআরইসি) নামের একটি গ্রুপের হাত রয়েছে বলে অভিযোগ উঠছে। আপত্তিকর কনটেন্ট পোস্ট করার পর একযোগে অনেকে অভিযোগ দিয়ে জনপ্রিয় গ্রুপ বন্ধ করে দেয় আইআরইসি।
ফেইসবুক থেকে গ্রুপ হারিয়ে যাওয়ার ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ার পর থেকে অনেক গ্রুপ ‘আর্কাইভ’ করে রাখার ঘটনা ঘটেছে। এ ছাড়া এ ধরনের আক্রমণ থেকে বাঁচতে অনেক পেজ ‘প্রাইভেট’ থেকে ‘সিক্রেট’ মোড করা হয়।
