বাংলাদেশ অধিনায়ক মাশরাফীর বিন মোর্ত্তজার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের সাবেক স্পিনার ও সাবেক কোচ অনিল কুম্বলে। মাশরাফী নেতৃত্বে থাকলে বাংলাদেশ বদলে যায় বলে মন্তব্য তার।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপে বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার উপায় নেই বলে মনে করেন কুম্বলে। তবে টাইগারদের জন্য এবারের বিশ্বকাপকে চ্যালেঞ্জিংও বলছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমকে কুম্বলে বলেন, ‘‘মাশরাফী অসাধারণ এক অধিনায়ক। সে দলকে একত্রিত করতে পারে এবং দারুণ সব সিদ্ধান্ত নিতে পারে। যখন যে অধিনায়ক থাকে তখন বাংলাদেশ বদলে যায়।’’
কুম্বলে যোগ করে বলেন, ‘‘আপনি বাংলাদেশকে হালকাভাবে নিতে পারবেন না। শেষ ক’বছর ধরে তারা দারুণ পারফর্ম করছে।’’
তবে এবারের বিশ্বকাপ যে বাংলাদেশের জন্য সহজ হবে না সেই কথাটাও বলে দিলেন কুম্বলে। ১০ দল নিয়ে এবার ফরম্যাটটা একেবারেই ভিন্ন। সেমিফাইনাল খেলতে হলে জিততে হবে কমপক্ষে ৫ থেকে ৬টি ম্যাচ। ধারাবাহিকতা ধরে রাখা এখানে বড় চ্যালেঞ্জ বলছেন কুম্বলে।
তার মতে, ‘‘যখন তারা (বাংলাদেশ) নকআউট পর্বে যায়, তখন নিজেদের সেরা খেলাটা তারা দেখাতে পারে না। এটা বাংলাদেশের জন্য এবার বড় চ্যালেঞ্জ।’’
