বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ পাঁচজনকে দলীয় প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে।
অন্য প্রার্থীরা হলেন, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি জি এম সিরাজ, সাবেক জেলা সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের বৈঠক শেষে এমন সিদ্ধান্ত জানানো হয়েছে।
রাতে দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
এর আগে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা, জাতীয় পার্টির প্রার্থী জেলা সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ওমর।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন সাবেক এমপি সাইফুর রহমান রাজ ভান্ডারী, শ্রমিক নেতা সৈয়দ কবির আহমেদ মিঠুসহ চারজন।
বিএনপির জেলা নেতারা জানান, পাঁচজন আগামী ২৩ মের মধ্যে রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করবেন।
'মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে একজন বাদে অন্যদের প্রার্থিতা প্রত্যাহার করা হবে'।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক গোলাম মোহাম্মদ সিরাজ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শূন্য হওয়া আসন বগুড়া-৬ এ ২৪ জুন উপনির্বাচন হবে। ওই দিন সকাল নয়টা থেকে বেলা পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
মির্জা ফখরুল সংসদ সদস্য হিসেবে শপথ না নেয়ায় এ আসন শূন্য হয়।
নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন আহমদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, বগুড়া-৬ আসনের ভোটের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩ জুন।
এদিকে মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্পমাল্য অর্পন করে তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
এতে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার মেয়র বিএনপির চেয়ারপারসেনর উপদেষ্টা একেএম মাহবুবর রহমান ও মো. হেলালুজ্জামান তালুকদার লালু, মো. জয়নাল আবেদীন চাঁন, কাজী রফিকুল ইসলাম, মো. মাহবুবুর রহমান হারেজ, আলী আজগর তালুকদার হেনা, রেজাউল করিম বাদশা, একেএম আহসানুল তৈয়ব জাকির, শাহজাদী লায়লা আরজুমান, এম আর ইসলাম স্বাধীন, মো. হামিদুল হক চৌধুরী হিরু, মো. তৌহিদুল আলম মামুন, মো. সহিদ উন নবী সালাম, শেখ তাহা উদ্দিন নাহিন, মো. এনামুল কাদের এনাম, মো. ওমর ফারুক খান, কেএম খায়রুল বাশার, মো. সাইদুজ্জামান শাকিল, মো. মনিরুজ্জামান মনির, শামিমা আকতার পলিন, মো. মোর্শেদ মিলটন।
