সেন্সর ছাড়পত্র পাওয়ার পরও শাকিব-ববি জুটির ‘নোলক’ সিনেমার মুক্তি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। একাধিক গণমাধ্যমের খবর কোর্টের রায়ের ওপরই নির্ভর করছে ঈদে ‘নোলক’ ছবির মুক্তি পাওয়া-না পাওয়া। তবে পুরো বিষয়টি গুজব বলে উড়িয়ে দিলেন এই সিনেমার প্রযোজক সাকিব সনেট। প্রথমে রাশেদ রাহা সিনেমাটি নির্দেশনা দিলেও পরবর্তী সময়ে নির্দেশক বদল হন। তা নিয়ে দ্বন্দ্বের কথা অনেকেরই জানা। সম্প্রতি সেন্সর পাওয়া এই সিনেমার ছাড়পত্রে পরিচালকের স্থানে সাকিব সনেটের নাম দেখা গেছে। দেশ রূপান্তরকে সনেট বলেন, ‘সিনেমাটি নির্মাণের শুরু থেকেই একটি মহল আমার পেছনে লেগেছে। আমার সিনেমা যাতে মুক্তি না পায় এ জন্য একাধিকবার নানা বিভ্রান্তি সৃষ্টি করেছে। শেষ পর্যন্ত ছাড়পত্র পেয়েছি আমি। এখনো তাদের চক্রান্ত শেষ হয়নি। তাই সিনেমাটির মুক্তি দিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে। কিন্তু এটি গুজব ছাড়া কিছুই নয়। আমরা মহাসমারোহে আসছি ঈদের প্রেক্ষাগৃহে।’ তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত সিনেমাটির জন্য ৪০টির বেশি হল বুকিং দেওয়া হয়েছে।’
ঈদে সিনেমা আসছে, কিন্তু এর প্রচারণা সেভাবে দেখা যাচ্ছে না কেনÑ জানতে চাইলে সনেট বেশ খোলামেলা জবাব দেন, ‘আসলে আমার সিনেমার নায়ক শাকিব খান সিনেমার প্রচারণাকে এতটা গুরুত্ব দেন না। তিনি প্রচারণা বোঝেনও না। তবে চুক্তিপত্রে প্রচারণার জন্য তিনি ১০ দিন সময় দেবেন এমন কথা রয়েছে। এরই মধ্যে তিনি একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন প্রচারণার অংশ হিসেবে। জানি না শেষ পর্যন্ত তিনি কতটা সহযোগিতা করবেন। কারণ, একই সঙ্গে এই ঈদে তার নিজের প্রযোজিত সিনেমাও আসছে। স্বাভাবিকভাবেই তিনি নিজের সিনেমার লাভের দিকে বেশি মনোযোগী হবেন। তা ছাড়া তার মধ্যে হয়তো কিছুটা সংশয়ও রয়েছে। কারণ, গল্প ও নির্মাণের দিক দিয়ে আমার সিনেমা অনেক এগিয়ে। এখানে ১০ জনের বেশি জনপ্রিয় তারকা রয়েছেন। শাকিব খান না এলেও আমরা অন্য কলাকুশলীকে নিয়ে বিরাট পরিকল্পনা করেছি। এ নিয়ে শিগগির সংবাদ সম্মেলন করব। তবে এটুকু বলে রাখিÑ আমরা সিনেমার আগে তো প্রচারণা করবই। সেই সঙ্গে সিনেমা হলে থাকা অবস্থায় দেড় মাসের প্রচারণার পরিকল্পনা করেছি। এটা হয়তো একটা নজির হয়ে থাকবে।’
তিনি আরও বলেন, ‘এই সিনেমার বাজেট প্রায় সাড়ে ৪ কোটি টাকা। আমাদের দেশে এখন সিনেমা হল অনেক কম। ফলে এত বড় বাজেটের সিনেমা হিট করতে হলে দীর্ঘদিন হলে থাকতে হবে। এ জন্য এই প্রচারণা কৌশল বেছে নিতে হচ্ছে।’
‘নোলক’ সিনেমায় শাকিব খান-ববি জুটি ছাড়াও আরও রয়েছেন ওমর সানী, মৌসুমী, তারিক আনাম খান, নিমা রহমান, রজতাভ দত্ত, সুপ্রিয়া দত্ত, শহীদুল আলম সাচ্চু, রেবেকা প্রমুখ। এর শ্যুটিং হয়েছে ভারতের রামুজি ফিল্ম সিটিতে। এরই মধ্যে ইউটিউবে এর গানগুলো বেশ সাড়া ফেলেছে।
