‘যুগোপযোগী শিল্পনীতি করা হবে’

আপডেট : ২১ মে ২০১৯, ১১:৩৭ পিএম

স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে ব্যবসাবান্ধব আধুনিক, যুগোপযোগী শিল্পনীতি প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। রাজধানীর ওয়েস্টিন  হোটেলে গতকাল বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) আয়োজিত বাংলাদেশে শিল্পায়নপরবর্তী স্তর শীর্ষক সেমিনারে তিনি এসব বলেন।

বিজিসিসিআইয়ের সভাপতি ওমর সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)  চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম প্রমুখ।

শিল্পমন্ত্রী বলেন, ‘আমাদের শিল্পনীতি ১৯৭২ সালের, ঘষামাঝা করেই চলছে। এটিকে যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছি। ২০২১ সালের জন্য শিল্পনীতি তৈরি করা হচ্ছে। স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে ব্যবসাবান্ধব আধুনিক শিল্পনীতি প্রণয়ন করা হবে।’

বিজিসিসিআই সভাপতি ওমর সাদাত বলেন, ‘বর্তমান শিল্পনীতি বাস্তব অর্থে শিল্পের উপকারে আসছে না। তাই তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি, ওষুধ, প্রক্রিয়াজাত কৃষি খাদ্যপণ্যসহ সম্ভাবনাময় খাতকে অগ্রাধিকার দিয়ে যুগোপযোগী একটি শিল্পনীতি প্রণয়ন প্রয়োজন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত