বগুড়া-৬ আসনে উপনির্বাচন

খালেদা জিয়াসহ ৫ জনকে প্রাথমিক মনোনয়ন বিএনপির

আপডেট : ২২ মে ২০১৯, ০২:৫৩ এএম

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ পাঁচজনকে দলীয় প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যরা হলেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জিএম সিরাজ, সাবেক জেলা সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা ও সাবেক সাধারণ সম্পাদক
জয়নাল আবেদীন চাঁন। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জেলা বিএনপির নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বৈঠক শেষে তাদের প্রাথমিক মনোনয়ন দেওয়ার এ সিদ্ধান্ত জানানো হয়। রাতে দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির নেতারা।
গত ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে জয়ী হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তী সময়ে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ায় গত ৩০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৪ জুন অনুষ্ঠেয় এ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা। জাতীয় পার্টির প্রার্থী জেলার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ওমর। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন সাবেক সংসদ সদস্য সাইফুর রহমান রাজ ভা-ারী, শ্রমিক নেতা সৈয়দ কবির আহমেদ মিঠুসহ চারজন।
বগুড়া জেলা বিএনপির নেতারা জানান, আগামী ২৩ মের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঁচজনের মনোনয়নপত্র দাখিল করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন একজন বাদে অন্যদের প্রার্থিতা প্রত্যাহার করা হবে।
বগুড়া জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা এর আগে গতকাল দুপুরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করে তার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত