মুজিববর্ষে ইউরোপের দল আনতে চায় বাফুফে

আপডেট : ২২ মে ২০১৯, ০৪:৩১ এএম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নানারকম আয়োজনের কথা শোনা যাচ্ছে ক্রীড়াঙ্গনে। সবাই সবার মতো সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে মুজিববর্ষে সংযুক্ত হতে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও বসে নেই। আগামী বছর ১৭ মার্চ শুরু হবে মুজিববর্ষ। সে সময় একটি আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচ আয়োজনের লক্ষ্যে ইউরোপের পাঁচটি দেশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে তারা। যে তালিকায় আছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, সাবেক চ্যাম্পিয়ন ইতালি, জার্মানি, ইংল্যান্ড এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল।

গতকাল এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা এরই মধ্যে ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে সরাসরি এবং এজেন্টের মাধ্যমে যোগাযোগ করেছি। তাদের জানিয়েছি আমরা একটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করতে চাই।’ বাফুফের প্রধান নির্বাহী আরও জানান, দেশগুলোর পাশাপাশি ইউরোপের কয়েকটি ক্লাবের সঙ্গেও তারা যোগাযোগ করছেন। ‘আমরা একটা প্রদর্শনীয় ম্যাচ আয়োজন করতে চাই। সেটা হতে পারে দুটি দেশের মধ্যে অথবা ইউরোপের শীর্ষ দুটি ক্লাবের মধ্যে। আমরা লিভারপুল, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ এবং পিএসজির সঙ্গেও যোগাযোগ করছি। তবে সবকিছুই প্রাথমিক পর্যায়ে রয়েছে। কোনো কিছুই চূড়ান্ত হয়নি। আশা করি সামনে আমরা নির্দিষ্টভাবে কিছু জানাতে পারব এ ব্যাপারে।’ সরকারের কাছ থেকে আর্থিক সহায়তার আশ্বাস পেয়ে তারা এই চেষ্টা চালাচ্ছে।

২০১১ সালে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা এবং নাইজেরিয়ার মধ্যে প্রদর্শনী ম্যাচ আয়োজন করে হইচই ফেলে দিয়েছিল বাফুফে। এবারও যদি তেমন কিছু হয়, তবে বিশ্ব তারকাদের আরেকবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলতে দেখা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত