গুগলের চোখ রাঙানির ভেতর নিজেদের সহযোগী ব্রান্ড অনার’র ২০ প্রো ফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে চীনা ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান হুয়াওয়ে। পূর্ব চুক্তি থাকায় চার ক্যামেরার এই ফোনটিতে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম পাওয়া যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট এই ফোনটিকে জমকালো বলে আখ্যা দিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, অনার ২০ প্রো ফোনটির সঙ্গে হুয়াওয়ের ফ্ল্যাগশিপ পি৩০ প্রো ফোনের বেশ মিল আছে।
হুয়াওয়ের ফোনে অ্যান্ড্রয়েড সেবাসহ নিজেদের কিছু কার্যক্রম সম্প্রতি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। হুয়াওয়ের নতুন ফোনে পাওয়া যাবে না অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেট। একই সঙ্গে জনপ্রিয় সেবা গুগল প্লে স্টোর, জিমেইল, ক্রোম ব্রাউজার এবং ইউটিউবও চলবে না। তবে আগে যারা এই কোম্পানির ফোন কিনেছেন, তাদের কোনো সমস্যা হবে না।
অনার ব্র্যান্ডের বিষয়ে হুয়াওয়ে জানিয়েছে, এই ফোনের সঙ্গে গুগলের চুক্তি আগে থেকে। তাই অ্যান্ড্রয়েড সেবা থাকবে।
অনার ২০ প্রোর ডিসপ্লে ৬.২ ইঞ্চি। ওজন ১৬৪ গ্রাম। সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড ৯ পাই। ক্যামেরা ৪৮, ১৬, ৮ এবং ২ মেগাপিক্সেল। দাম ৫৪ থেকে ৬০ হাজার টাকার মতো।
