বঙ্গবন্ধু স্টেডিয়ামে গতকাল লিগের প্রথম ম্যাচের দুই অর্ধে দু’দলের প্রাধান্য দেখা গেছে। তাতে দারুণ এক লড়াইয়ের পরিসমাপ্তি ঘটেছে ৩-৩ ড্রয়ে। আর এই ফলে আক্ষেপটা বেশি থাকবে মোহামেডানেরই। প্রথমার্ধে তিন গোলের লিড নিয়ে বিরতিতে গিয়েছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ফিরে এসে তিন গোল পরিশোধ করে মূল্যবান ১ পয়েন্ট তুলে নিয়েছে ব্রাদার্স। অবনমন অঞ্চলে থাকা দল দুটির লড়াইটা তাই হয়ে উঠেছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাময়।
দ্বিতীয় পর্ব শুরুর পর থেকেই অন্যরকম এক মোহামেডানকে দেখা যাচ্ছিল। প্রথম পর্বের ১২ ম্যাচে জয় মাত্র একটিতে। দ্বিতীয় পর্বের প্রথম দুই ম্যাচে জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল মোহামেডান। ইউসুফ সিফাতের জোড়া গোল আর তকলিস আহমেদের গোলে ৩-০ লিড টানা তৃতীয় জয়ের হাতছানি দিচ্ছিল সাদা-কালোদের। কিন্তু কোচহীন ব্রাদার্স হাল ছাড়েনি শেষ মুহূর্তে পর্যন্ত। মান্নাফ রাব্বির জোড়া গোল আর বদলি ফরোয়ার্ড মোহাম্মদ মোকাররমের গোলে দশম হারের লজ্জা থেকে রক্ষা পেয়েছে ব্রাদার্স।
ম্যাচের ২৬ মিনিটে এগিয়ে যায় মোহামেডান। মালির ফরোয়ার্ড সুলেইমান দিয়াবাতের বল ধরে বক্সে ঢুকে দুর্দান্ত ভলিতে গোল করেন তকলিস। ৪২ মিনিটে সুলেইমানের স্কয়ার পাসে ইউসুফ সিফাতের প্রথম প্রচেষ্টা ব্রাদার্স গোলকিপার বিপ্লব ফেরালেও ফিরতি বলে তার ট্যাপ জালে জড়ায়। দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করে সিফাত। শ্যামল বেপারীর স্কয়ার পাস ডিফেন্ডার আশরাফুল করিম ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকায় দাঁড়ানো সিফাত সহজেই জালে পাঠিয়ে দেন।
প্রথমার্ধে মোহামেডানের একাধিপত্যের পর দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ব্রাদার্স। বিরতির পর দলটি অফফর্ম মিডফিল্ডার ইমরুল হাসানকে বসিয়ে মাঠে নামায় স্ট্রাইকার মোহাম্মদ মোকাররমকে। তার সংযুক্তিতে আক্রমণের গতি বাড়ে ব্রাদার্সের। ৬৯ মিনিটে সুদানিজ ফরোয়ার্ড জেমস মগার স্কয়ার পাসে মান্নাফ রাব্বির প্লেসিং জালে জড়ালে ব্যবধান ৩-১ হয়। ৮২ মিনিটে তকলিস দ্বিতীয় গোলের সুযোগ নষ্ট করেছেন গোলকিপারকে একা পেয়েও। পরের মুহূর্তে মোকাররম ব্যবধান আরও কমিয়ে আনেন। একজন সতীর্থের ক্রসে মান্নাফ রাব্বির হেড মোহামেডানের নাইজেরিয়ান ডিফেন্ডার ওরিয়াকু চেতাচি গোললাইন থেকে ঠেকিয়ে দিলে ফিরতি বলে মোকাররমের শট জালে জড়ায়। আর ৮৮ মিনিটে এই মোকাররমের দুর্দান্ত এক মুভে ১ পয়েন্ট নিশ্চিত হয় ব্রাদার্সের। প্রতিআক্রমণ থেকে বল পেয়ে বক্সের বাঁদিক দিয়ে দ্রুত ঢুকে মাপা কাটব্যাক দেন মান্নাফ রাব্বিকে। এই তরুণ স্ট্রাইকার লক্ষ্যে বল রাখতে ভুল করেননি।
এই ড্রয়ে ১৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার দশম স্থানে মোহামেডান। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ব্রাদার্স থাকছে ১৩ দলের লিগের ১২তম স্থানে।
