মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

আপডেট : ২৩ মে ২০১৯, ০২:৫৯ এএম

মেহেরপুরের গাংনীতে দুই পক্ষের বন্দুকযুদ্ধে নাজমুল হোসেন (৩০) নামে এক মাদক কারবারি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার বলেন, ‘মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদী মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। স্থানীয়রা তাকে মাদক ব্যবসায়ী নাজমুল বলে শনাক্ত করেন।’ ওসি জানান, নাজমুলের বিরুদ্ধে মাদকসহ পাঁচটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, এক কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। নাজমুল সহড়াতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস এম বুলবুল আহমেদ বলেন, ‘গুলির শব্দে প্রথমে গ্রামবাসীর ঘুম ভাঙে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই থেমে যায় গুলির শব্দ। পরে ঘটনাস্থল তল্লাশি করে মরদেহ ও অস্ত্র পাওয়া যায়।’ তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবার চাইলে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় গাংনী থানায় মামলা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত