হলিউড সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা ডিম্পল কাপাডিয়া। পরিচালক হিসেবে আছেন ‘ডার্ক নাইট’ ট্রিলজি, ইন্টারস্টেলার ও ডানকার্ক-খ্যাত ক্রিস্টোফার নোলান।
জানা গেছে, নতুন এ সিনেমার নাম ‘টেনেট’। বুধবার প্রযোজক সংস্থা ওয়ার্নার ব্রাদার্সের পক্ষ থেকে এই সংবাদ প্রকাশ করা হয়ে। জানা গেছে, ‘টেনেট’-এর শ্যুটিং শুরু হয়ে গেছে।
ঠিক কোন চরিত্রে ডিম্পলকে ভাবা হয়েছে, তা নিয়ে বিশদে কিছু জানা যায়নি এখনো। তবে ছবির কোনও গুরুত্বপূর্ণ ভূমিকাতেই যে তিনি অভিনয় করছেন, তা উল্লেখ করা হয়েছে ওয়ার্নার ব্রাদার্সের ওয়েবসাইটে। এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রীও।
আন্তর্জাতিক গোয়েন্দা চক্রকে নিয়ে গড়ে উঠেছে মূলত অ্যাকশনধর্মী ছবিটির কাহিনী। চিত্রনাট্য করেছেন ক্রিস্টোফার নোলান স্বয়ং। সাতটি দেশে ছবির শুটিং হবে।
‘টেনেট’-এ আরও অভিনয় করছেন রবার্ট প্যাটিনসন, জন ডেভিড ওয়াশিংটন, মাইকেল কেইন, কেনেথ ব্রানাঘ, অ্যারন টেইলর-জনসন, ক্লিমেন্স পোয়েজি ও এলিজাবেথ ডেবিকি।
২০১২০ সালের ১৭ জুলাই মুক্তি পাবে 'টেনেট'।
